কুয়াকাটা সৈকতের ২২৫ অবৈধ স্থাপনা চিহ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বেড়িবাঁধের বাইরে সমুদ্রসৈকতের জমি দখলকারীদের উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে পটুয়াখালী জেলা প্রশাসন। হাইকোর্টের নির্দেশে কুয়াকাটা সৈকতের সীমানা চিহ্নিতকরণ শেষ করে ২২৫ দখলদারকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে সাত দিনের সময়সীমাও শেষ হয়ে গেছে। যেকোনো সময়ে দখলদারদের উচ্ছেদে অভিযান শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে দুজন আইনজীবী গত ২ জুন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট দ্বৈত বেঞ্চে রিট আবেদন করেন। আদালত বিশেষ কমিটির মাধ্যমে সৈকতের সীমানা নির্ধারণ করতে পটুয়াখালী জেলা প্রশাসককে নির্দেশ দেন। একই সঙ্গে সেখানে যেন নতুন করে দখল ও স্থাপনা নির্মিত না হয়, সে জন্য পাহারার ব্যবস্থা নিশ্চিত করতে পটুয়াখালী পুলিশ সুপার ও কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়। এ নির্দেশনা বাস্তবায়নে অগ্রগতি প্রতিবেদন সাত দিনের মধ্যে দাখিল করতে বলা হয়। এ ছাড়া দখল থেকে সৈকত এলাকা রক্ষা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এ আদেশের কপি পৌঁছার পর পটুয়াখালী জেলা প্রশাসন আদালতে তাঁদের জবাব দেওয়ার পাশাপাশি সময় প্রার্থনা করলে আদালত ১৮ অক্টোবরের মধ্যে সৈকতের সীমানা চিহ্নিত করার নির্দেশ দেন। এরপর জেলা প্রশাসন কুয়াকাটা সম্পূর্ণ দখলমুক্ত করতে সীমানা চিহ্নিতকরণের কার্যক্রম শুরু করে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহ আলম সরদারের নেতৃত্বে গত ১১ সেপ্টেম্বর থেকে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সৈকত এলাকা পরিদর্শন করেন। কমিটি সৈকতের সীমানা চিহ্নিত করে ম্যাপ তৈরি করে। সৈকতের পূর্ব দিকে আন্ধারমানিক নদীর মোহনা লেম্বু চর থেকে পশ্চিমে গঙ্গামতী হয়ে কাউয়ার চর পর্যন্ত দীর্ঘ ১৮ কিলোমিটার সমুদ্রসৈকতজুড়ে ২২৫টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে মালিকদের সাত দিনের মধ্যে সেগুলো সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। গত ২৯ সেপ্টেম্বর দখলদারেরা জেলা প্রশাসনের নোটিশ পায়। কিন্তু নির্ধারিত সাত দিনের সময়সীমা পেরিয়ে গেলেও তারা সৈকতের অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি। এ ব্যাপারে পটুয়াখালীর জেলা প্রশাসক গোলাম মো. হাসিবুল আলম জানান, কুয়াকাটা সৈকত এলাকা থেকে সাত দিনের মধ্যে নিজেদের উদ্যোগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। যাঁরা এ আদেশ অমান্য করবেন, তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা উচ্ছেদ নোটিশেই বলা হয়েছে। অবৈধ দখলদারদের হাত থেকে কুয়াকাটাকে অবশ্যই রক্ষা করা হবে।