কুয়াকাটা সৈকতের ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত ও পার্শ্ববর্তী এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত পটুয়াখালী জেলা প্রশাসনের নির্দেশে কলাপাড়া উপজেলা প্রশাসন এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সাদিকুর রহমানের নেতৃত্বে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিপুল চন্দ্র দাস এবং নির্বাহী হাকিম মো. মাসুদুল আলম এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। কুয়াকাটা পৌরসভা, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, মহিপুর থানা-পুলিশ এবং কুয়াকাটা নৌপুলিশ এতে সহযোগিতা করেছে।
সরেজমিনে দেখা গেছে, কুয়াকাটা সমুদ্রসৈকতের বন্যানিয়ন্ত্রণ বাঁধের বাইরে জিরো পয়েন্ট-সংলগ্ন নারকেল বাগান এবং সৈকত লাগোয়া অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়েছে। অন্তত ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে খাবারের দোকান, স্টুডিও, চায়ের দোকান, আচারের দোকান, শো-পিসের দোকান, ঝিনুকের দোকান, চুড়ি-ফিতার দোকান, পান-সিগারেট ও মুদি মনিহারি দোকান রয়েছে।
কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিপুল চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, ‘সৈকত এলাকার সীমানা চিহ্নিত করার পরও দিনের পর দিন একশ্রেণির মানুষ আবার অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য চালিয়ে আসছে। আমরা পুনরায় সৈকত এলাকায় সরকারি জমির সীমানা চিহ্নিত করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি।’