কুয়াকাটা-সোনাকাটা সৈকতে পর্যটক সমাগম বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রসৈকত কুয়াকাটার নিকটবর্তী সৈকত সোনাকাটা এখন পর্যটকদের আনাগোনায় মুখর হয়ে উঠছে। সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে প্রতি বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো ভ্রমণপিয়াসী মানুষ প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে এখানে ছুটে আসছেন। একই ভ্রমণে কুয়াকাটা ও সোনাকাটা দেখার সুযোগ থাকায় এখানে দর্শনার্থীর সমাগম বহুগুণ বেড়েছে।পটুয়াখালীর কলাপাড়া উপজেলা সদর থেকে কুয়াকাটা পর্যন্ত ২২ কিলোমিটার সড়কে তিনটি ফেরি পার হতে হয়। এই ফেরি পারাপার পর্যটকদের জন্য ভোগান্তি বয়ে আনে। তবে বরগুনার আমতলী থেকে সোনাকাটায় যেতে কোনো ফেরি নেই। আর কুয়াকাটা থেকে নৌপথে তিন নটিক্যাল মাইল দূরে সোনাকাটায় স্বল্প সময়ে যাতায়াতের সুব্যবস্থা গড়ে ওঠায় পর্যটকেরা একই ভ্রমণে দুটি স্থান দেখার সুযোগ পাচ্ছেন। সড়কপথে কুয়াকাটা থেকে সোনাকাটার দূরত্ব প্রায় আট কিলোমিটার।কুয়াকাটার ঠিক উত্তর পশ্চিমে অবস্থিত (বরগুনার আমতলী উপজেলায়) টেংরাগিরি বনের পাশের সৈকতই সাগরকন্যাখ্যাত সোনাকাটা। এখানে গত বছর পরিবেশ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ইকোপার্ক গড়ে তোলা হয়েছে। ইকোপার্কে রয়েছে হরিণ, শূকর, মেছো বাঘ ও কুমিরের অভয়ারণ্য। পর্যটকদের নিরাপত্তার জন্য বিশাল পশুচারণ এলাকাটি ঘেরা হয়েছে লোহার বেড়া দিয়ে। এখানে পিকনিকের স্থান তৈরি করা হয়েছে। বনের ভেতর দিয়ে সৈকতে যেতে ইটের সড়ক নির্মাণ করা হয়েছে। পর্যটকদের অনেকে সরাসরি আবার অনেকে কুয়াকাটা হয়ে সোনাকাটায় বিনোদনের জন্য ভিড় করছেন। আর কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট, ইকোপার্ক, লেম্বুর চর, শুঁটকিপল্লি, রাখাইন মহিলা মার্কেটসহ আকর্ষণীয় স্থানগুলো তো আছেই, এসব জায়গার পাশাপাশি সোনাকাটা ঘুরতে এলে পর্যটকেরা তালতলীর ১০টি রাখাইনপল্লিও ঘুরে দেখতে পারছেন।ফরিদপুর থেকে বেড়াতে আসা পর্যটক জামিলুর রহমান বলেন, ‘আমি বহুবারই কুয়াকাটায় এসেছি। ভ্রমণ একঘেয়ে হয়ে উঠেছিল। এবার এসে নিকটবর্তী সোনাকাটা নামে একটি আকর্ষণীয় স্থানের কথা শুনলাম। নয়নাভিরাম এ জায়গাটি ঘুরে দেখে মুগ্ধ হয়েছি।’কুয়াকাটার অভিজাত হোটেল কুয়াকাটা ইনের ফ্রন্ট ডেস্ক কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ‘পর্যটনকেন্দ্র হিসেবে কুয়াকাটার সঙ্গে সোনাকাটা ভ্রমণের সুযোগ তৈরি হওয়ায় দর্শনার্থীর সংখ্যা বেড়ে গেছে।’ কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুর রহমান বলেন, ‘কুয়াকাটার নিকটবর্তী সোনাকাটায় যেতে সমুদ্রপথের পাশাপাশি সড়কপথেও যোগাযোগ চালু করা যেতে পারে। সে ক্ষেত্রে মৎস্য বন্দর মহিপুরের চৌরাস্তা থেকে খালগোড়া পর্যন্ত যে সড়কটি আছে, সেটি প্রশস্তকরণসহ সংস্কার করা হলে কুয়াকাটায় আসা পর্যটকেরা সহজেই সোনাকাটায় যেতে পারবেন।’