কুয়াকাটা সড়কে তিন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ ফেব্রুয়ারি পটুয়াখালী আসছেন। ওই দিন তিনি কলাপাড়া-কুয়াকাটা সড়কের তিনটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এগুলো নির্মিত হলে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে। পর্যটকদের যাতায়াত সুবিধাসহ কুয়াকাটা আরও বিকশিত হবে বলে মনে করছেন এলাকাবাসী।কুয়াকাটায় দাঁড়িয়ে সূর্যোদয় আর সূর্যাস্তের দৃশ্য উপভোগ করা যায়। শুধু অনুন্নত সড়ক যোগাযোগের কারণে সেখানে পর্যটকদের যাওয়ার তেমন একটা আগ্রহ বাড়েনি। এখন সড়কের অনেকটা উন্নয়ন হলেও কলাপাড়া-কুয়াকাটা ২২ কিলোমিটারে তিনটি নদী পেরোতেই ভোগান্তিতে পড়তে হয়। কুয়াকাটার মহিপুর-আলীপুরে রয়েছে মৎস্যবন্দর। ফেরি ও ভাঙাচোরা সড়কের কারণে ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে জোয়ারের পানি অস্বাভাবিক বাড়লে ফেরিঘাটের গ্যাংওয়ে ডুবে যেত। এ অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ত।২০১০ সালের ৬ মে বরগুনা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সমাবেশে পটুয়াখালী-আমতলী-কুয়াকাটা সড়ক সংস্কারের আওতায় এই তিনটি সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন। এরই ধারাবাহিকতায় পটুয়াখালী-কুয়াকাটা ৭০ কিলোমিটার সড়কের সংস্কারকাজ শুরু হয়। পটুয়াখালী থেকে কলাপাড়া পর্যন্ত ৪৮ কিলোমিটার সড়কের সংস্কারকাজ শেষ হলেও কলাপাড়া-কুয়াকাটা ২২ কিলোমিটার সড়কের কাজ চলছে ধীরগতিতে।প্রধানমন্ত্রী ২৫ ফেব্রুয়ারি কলাপাড়ায় এক দিনের সফরে এসে এ সড়কে সেতুগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সেতু তিনটির নাম দেওয়া হয়েছে ১৫ আগস্ট নিহত হওয়া বঙ্গবন্ধুর তিন ছেলে, অর্থাৎ প্রধানমন্ত্রীর ভাইদের নামে। এরই মধ্যে নির্মাণকাজের উদ্যোগ নিয়েছে পটুয়াখালী সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।পটুয়াখালী সওজ কার্যালয় জানায়, কুয়াকাটার মহিপুর-আলীপুর নদীর ওপরের সেতুর নাম করা হয়েছে ‘শহীদ শেখ রাসেল সেতু’। এর দৈর্ঘ্য ৪০৮ দশমিক ৩৬ মিটার। এরই মধ্যে এর ৬৩ ভাগ কাজ শেষ হয়েছে। কলাপাড়ার আন্দারমানিক নদীর ওপরের সেতুর নাম করা হয়েছে ‘শহীদ শেখ কামাল সেতু’। এর দৈর্ঘ্য ৮৯১ দশমিক ৭৬ মিটার। এর ১৮ ভাগ কাজ শেষ হয়েছে। হাজীপুর নদীর ওপরের সেতুর নাম করা হয়েছে ‘শহীদ শেখ জামাল সেতু’। এর দৈর্ঘ্য ৪৮২ দশমিক ৩৭৫ মিটার। এটি নির্মাণের জন্য দরপত্র মূল্যায়ন প্রতিবেদন মন্ত্রণালয় ১ ফেব্রুয়ারি অনুমোদন করেছে। কার্যাদেশ দেওয়ার প্রক্রিয়া চলছে।পটুয়াখালী সওজ কার্যালয় জানায়, সেতু তিনটি নির্মাণে প্রকল্পব্যয় ধরা হয়েছে ১৪৩ কোটি ৪০ লাখ টাকা। এ পর্যন্ত ২৬ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে সেতু তিনটি নির্মাণ প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারণ করে দিয়েছে সওজ অধিদপ্তর।প্রধানমন্ত্রী সফরে আসছেন বলে এখন দ্রুতগতিতে চলছে কুয়াকাটা সেতু নির্মাণের কাজ। তবে অপ্রতুল বরাদ্দের কারণে নির্ধারিত সময়ে নির্মাণকাজ শেষ হবে কি না, এ নিয়ে সংশয় রয়েছে।সওজের পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী কমলেন্দু মজুমদার প্রথম আলোকে বলেন, ‘প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া গেলে নির্ধারিত সময়সীমার মধ্যে এ সেতু তিনটির নির্মাণকাজ শেষ হবে বলে আমরা আশা করছি।’কুয়াকাটার সেতু তিনটি নির্মাণের পাশাপাশি পটুয়াখালীর লেবুখালী সেতু ও পদ্মা সেতু নির্মিত হলে রাজধানী ঢাকার সঙ্গে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে।মহিপুরে থানার দাবিএদিকে কলাপাড়ার মহিপুরকে থানা করার দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার বেলা সাড়ে তিনটায় মহিপুর বন্দরে কলাপাড়া-কুয়াকাটা সড়কের ওপর এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম আকন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক আকন, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, মো. দেলওয়ার হোসেন ও মহিপুর থানা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ কালিমুল্লাহ।আবদুস সালাম আকন বলেন, ‘১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলাপাড়া সদরে আয়োজিত এক জনসভায় মহিপুরকে থানা করার আশ্বাস দেন। কিন্তু আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। এখন মহিপুর থানা হওয়ার মতো উপযুক্ত একটি স্থান।’