কুয়াকাটার আলীপুর-নাইওরী পাড়া সড়ক বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর-নাইওরী পাড়া সড়ক ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে এ সড়ক দিয়ে চলাচলকারী মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর-নাইওরী পাড়া সড়ক ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে এ সড়ক দিয়ে চলাচলকারী মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলীপুর মৎস্য বন্দরের চৌরাস্তা থেকে পশ্চিম দিকের নাইওরী পাড়া পর্যন্ত চার কিলোমিটার সড়কটিতে খানাখন্দ তৈরি হয়েছে। ফলে আলীপুর, নাইওরী পাড়া, খাজুরা, পশ্চিম খাজুরা গ্রামের অন্তত দুই হাজার মানুষকে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কের নাইওরী পাড়ার কাছে জলকপাটের ওপরে বেশ কিছু অংশ ভেঙে যাওয়ায় সড়কটি কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে। কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকদের অনেকে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় যেতে বিকল্প পথ হিসেবে এই সড়ক ব্যবহার করে থাকেন।
গত বুধবার (৪ নভেম্বর) সরেজমিনে দেখা গেছে, মৎস্য বন্দর আলীপুর থেকে নাইওরী পাড়া পর্যন্ত পুরো সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নাইওরী পাড়ার কাছাকাছি জলকপাটের ওপর ভেঙে বড় গর্ত তৈরি হয়েছে। এখানে সড়কটির একটি বড় অংশের মাটি দেবে গেছে। জলকপাটের দুই পাশের গাইড ওয়াল ফেটে কিছুটা দেবে গেছে। তা ছাড়া সড়কটির অন্তত ৩০টি স্থানের বিটুমিন উঠে গিয়ে বালু-খোয়া বের হয়ে গেছে। সড়কের এবড়োখেবড়ো অবস্থার কারণে রিকশা, ভ্যান, মোটরসাইকেল নিয়ে কুয়াকাটাগামী পর্যটকসহ এলাকার বাসিন্দারা স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। মাছ পরিবহনের কাজে নিয়োজিত ট্রাক-পিকআপগুলোর এখন এই সড়ক ব্যবহারে ভোগান্তি বেড়েছে। মো. ফারুক হোসেন নামের একজন পর্যটক বললেন, ‘বিকল্প এ সড়ক দিয়ে এর আগেও আমি কুয়াকাটায় গিয়েছি। এবার এ পথ ব্যবহার করতে গিয়ে ভোগান্তি পোহাতে হলো। কুয়াকাটা পর্যটন এলাকার কাছাকাছি গুরুত্বপূর্ণ এ সড়কটির সংস্কার করার পদক্ষেপ নেওয়া উচিত।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০০০-২০০১ সালে এই সড়কটি নির্মিত হয়। আলীপুর বন্দরের বাসিন্দা মো. সাইফুল ইসলাম মোল্লা বলেন, ‘আমরা কয়েক মাস ধরে চরম ভোগান্তির মধ্যে আছি। রিকশা-ভ্যান দূরের কথা, এ সড়ক দিয়ে হেঁটে বাড়ি যাওয়াই এখন দুষ্কর হয়ে পড়েছে।’
মো. মিজানুর রহমান নামের আরেকজন বললেন, নাইওরী পাড়ার পাশে জলকপাটও নতুন করে জরুরি ভিত্তিতে নির্মাণ করতে হবে। নইলে জলকপাট এলাকার আরও বেশি জায়গা ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। সেই সঙ্গে শিববাড়িয়া নদীর জোয়ারের পানি জলকপাটের ভাঙা অংশ দিয়ে ঢুকে পার্শ্ববর্তী গ্রামগুলো তলিয়ে যেতে পারে।
লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু ছাইদ ফকির বলেন, ‘জলকপাটের জন্য পানি উন্নয়ন বোর্ডকে এবং সড়ক সংস্কারের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে জানিয়েছি। পরে আমি নিজে ওই দপ্তর দুটিতে গিয়ে যোগাযোগও করেছি। কার্যকর কোনো আশ্বাস ওই দপ্তর থেকে আমরা পাইনি।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. আবদুল মন্নান বলেন, ‘ওই সড়কসহ আরও কিছু সড়কের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। আপাতত আলীপুর-নাইওরী পাড়ার ওই সড়কের দুই কিলোমিটার অংশ নির্মাণ করা হবে। দরপত্রের প্রক্রিয়া শেষ হওয়ার পর হয়তো কিছুদিনের মধ্যে এর কাজ শুরু হবে।’
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের বলেন, সত্যি কথা কি, যখন ওখানে জলকপাট নির্মাণ করা হয়, তখন রাস্তায় ভারী যানবাহন চলবে, সে হিসাব করা হয়নি। এখন রাস্তা হওয়ার কারণে মানুষজন চলছে, যানবাহন চলছে। অতিরিক্ত চাপের কারণে জলকপাটটি দুর্বল হয়ে গেছে। তিনি আরও বলেন, ‘আমরা সরেজমিনে যাচাই করে একটি কার্যকর ব্যবস্থা নেব।’