কুয়াকাটার বাঁধ আবার হুমকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত ভেঙে সাগরে বিলীন হয়ে যাচ্ছে। ছবিটি গত শনিবার  কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে তোলা l প্রথম আলো
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত ভেঙে সাগরে বিলীন হয়ে যাচ্ছে। ছবিটি গত শনিবার কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে তোলা l প্রথম আলো

ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত-সংলগ্ন বন্যানিয়ন্ত্রণ বাঁধ আবারও ভাঙনের হুমকির মুখে পড়েছে। নতুন করে জলোচ্ছ্বাসের চাপে বাঁধটি ভেঙে গেলে কুয়াকাটা পৌরসভা, পশ্চিম কুয়াকাটা, খাজুরা ও শরীফপুর গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, কুয়াকাটার ৪৮ নম্বর বন্যানিয়ন্ত্রণ বাঁধের খাজুরা-মাঝিবাড়ি ও মিরাবাড়ি অংশ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। জোয়ারের চাপে বাঁধের এ অংশের নদীতীরের সিসি ব্লক সরে গেছে। বাঁধের অন্য অংশের নদীর তীরের মাটিও সরে গেছে। তা ছাড়া, বাঁধের কোনো কোনো জায়গায় ছোট-বড় অনেক গর্ত, আবার কোথাও কোথাও ফাটলের সৃষ্টি হয়েছে।
সাগর মোহনার এ বাঁধটি এর আগে ঘূর্ণিঝড় সিডর ও আইলায় সৃষ্ট জোয়ারের চাপে ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রথমে দুই দিকে মাটি ফেলে বাঁধ মেরামত করা হয়। এরপর বাঁধ আবার ক্ষতিগ্রস্ত হলে বালুর বস্তা ফেলা হয়। পরবর্তী সময়ে স্থায়ীভাবে বাঁধ রক্ষার জন্য নদীতীরে সিসি ব্লক ফেলা হয়। এর ফলে গত দু-তিন বছর বাঁধটি সুরক্ষিত ছিল। কিন্তু এবার ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে আবার বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয়ের একটি সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় সিডরের পর দরপত্র আহ্বান করে ওই এলাকার বাঁধের ভাঙন রোধে সিসি ব্লক ফেলা হয়। দরপত্র শিডিউল মোতাবেক বাঁধের নদীতীরের খাজুরা-মাঝিবাড়ি ও মিরাবাড়ি পয়েন্টে ২ ফুট দৈর্ঘ্য ও দেড় ফুট প্রস্থের সিসি ব্লক ফেলা হয়। ২০০৮-০৯ অর্থবছরে ঢাকার পদ্মা অ্যাসোসিয়েটস নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে কাজটি সম্পন্ন করে।
এলাকার একাধিক বাসিন্দা প্রথম আলোর কাছে অভিযোগ করে বলেন, ব্লকগুলো ছিল খুবই নিম্নমানের। এ কারণে ঢেউয়ের আঘাতে ব্লকগুলো ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে।
পশ্চিম কুয়াকাটা গ্রামের বাসিন্দা মো. ইয়াকুব আলী বলেন, ‘আমরা স্থায়ী ও মজবুত বাঁধ চাই। বাঁধ রক্ষার নামে সরকারি অর্থের অপচয় চাই না।’
খাজুরা গ্রামের জেলে আবদুল জব্বার বলেন, ‘মোরা দিন-রাইত ভয়ের মধ্যেই থাহি। অ্যাহন বানডা (বাঁধ) যেডুও আছে, অমাবইস্যা-পূর্ণিমার জোয়ারের সময় সাগরে পানির চাপ বাড়লে হেডুও কিনা ছুইট্যা যায়। বানডা যদি ঠিকই ছোডে, হেইলে সবকিছু ভাইস্যা যাইবে।’
কলাপাড়া পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের বলেন, আসলে ওই এলাকার বাঁধটি সব সময় ঝুঁকির মধ্যে থাকে। এর ফলে কোস্টাল অ্যামবেকমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্টের (সিইআইপি) মাধ্যমে ৪৮ নম্বর বন্যানিয়ন্ত্রণ বাঁধের কুয়াকাটা সমুদ্রসৈকত এলাকাসহ পার্শ্ববর্তী লতাচাপলী ইউনিয়নের পুরো ৩৭ কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ নতুন করে মেরামত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে এ কাজের আন্তর্জাতিক দরপত্রের কাজও সম্পন্ন হয়েছে। শিগগির কাজ শুরু হওয়ার কথা রয়েছে। এতে ২৫০ কোটি টাকা ব্যয় হবে।