কুয়াকাটার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা
সিসি ব্লক ফেলে ভাঙন রোধের চেষ্টা করতে না করতেই সমুদ্রসৈকত কুয়াকাটার বেড়িবাঁধে আবার ভাঙন শুরু হয়েছে। বাঁধের খাজুরা-মাঝিবাড়ি ও মিরাবাড়ি পয়েন্ট রয়েছে মারাত্মক ঝুঁকির মধ্যে। ইতিমধ্যে মাঝিবাড়ি পয়েন্টের পশ্চিম পাশের বিশাল অংশ সাগরের ঢেউয়ে ভেঙে গেছে। ওই পয়েন্টের বেড়িবাঁধের ওপরের অংশে ফাটল দেখা দিয়েছে। এ অবস্থায় খাজুরা-মাঝিবাড়ি ও মিরাবাড়ি পয়েন্ট ভেঙে পশ্চিম কুয়াকাটার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।সরেজমিনে দেখা যায়, কুয়াকাটার ৪৮ নং বন্যানিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন স্থান ঢেউয়ের ঝাপটায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে খাজুরা-মাঝিবাড়ি ও মিরাবাড়ি পয়েন্ট সবচেয়ে ঝুঁকিপূর্ণ। সাগরের বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে এ দুটি পয়েন্টে ফেলানো সিসি ব্লকের ওপর। ঢেউয়ের প্রচণ্ড ঝাপটায় সরে গেছে অনেক ব্লক। কিছু কিছু ব্লক ভেঙে গেছে। ঘূর্ণিঝড় সিডরের সময় সাগর থেকে ফুঁসে ওঠা জলোচ্ছ্বাসে বাঁধের ওই দুটি পয়েন্টই বেশি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। আইলায়ও বাঁধের ওই পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়।কলাপাড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সিডরের পর ভাঙন রোধে ওই দুটি পয়েন্টে সিসি ব্লক ফেলার জন্য দরপত্র আহ্বান করা হয়। ২০০৮-০৯ অর্থবছরে তিন কোটি ৭৫ লাখ টাকার এ কাজটি পায় ঢাকার পদ্মা অ্যাসোসিয়েটস নামের একটি ঠিকাদারপ্রতিষ্ঠান। দরপত্র শিডিউল মোতাবেক বাঁধের বাইরের খাজুরা-মাঝিবাড়ি ও মিরাবাড়ি পয়েন্টে এক হাজার ফুট সিসি ব্লক ফেলা হয়। দুই ফুট দৈর্ঘ্যের ও দেড় ফুট প্রস্থের সিসি ব্লক ফেলার কাজও শেষ পর্যায়ে। কিন্তু এর মধ্যেই বাঁধের ওই দুটি পয়েন্ট হুমকির মধ্যে পড়েছে।পশ্চিম কুয়াকাটা গ্রামের বাসিন্দা মো. শাহজাহান মিয়া বলেন, ‘গেল বছর ব্লক ফেলাইছে। মোনে হরছি এ্যাহন আর কোন চিন্তা নাই। এ্যাহন দেহি যেই হেই অইয়া গ্যাছে।’ খাজুরা গ্রামের জেলে সেলিম বিশ্বাস বলেন, ‘মোরা দিন-রাইত থাহি ভয়ের মধ্যে। বান্দের যে অবস্থা হ্যাতে বড় ধরনের বইন্যা লাগবে না, আমাবইস্যা-পূর্ণিমার জো’তো সাগরে পানির চাপ বাড়লেও বিপদ আছে। এইহান দিয়া বান্দ ছোডলে সব শ্যাষ অইয়া যাইবে।’এলাকাবাসীর অভিযোগ, কুয়াকাটা রক্ষা বাঁধের ওই দুটি পয়েন্টের ভাঙন রোধের জন্য তৈরি করা ব্লকগুলো খুবই নিম্নমানের। কুয়াকাটার পশ্চিম খাজুরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওয়ালিউল্লাহ হানিফ বলেন, ‘আসলে এভাবে ব্লক ফেলে সমুদ্রের ভাঙন রোধ করা যাবে না। মাটির ২০-২৫ ফুট গভীর থেকে আরসিসি ঢালাই দিয়ে গাইড ওয়াল তৈরি করা হলে ভাঙন রোধ হবে।’এ ব্যাপারে পাউবো কলাপাড়ার উপসহকারী প্রকৌশলী মো. মইনুল ইসলাম বলেন, ইতিমধ্যে খাজুরা-মাঝিবাড়ি পয়েন্ট থেকে পশ্চিম দিকে ৮৪০ মিটার ও মিরাবাড়ি পয়েন্ট থেকে পূর্বদিকে ৫৪০ মিটার ভাঙন রোধে নতুন করে দরপত্রের কাজ সম্পন্ন করা হয়েছে। শিগগিরই কার্যাদেশ দেওয়া হবে। তৈরি করা ব্লকের নিম্নমানের বিষয়ে তিনি বলেন, কাজ ভালোই হয়েছে। বেশি লবণাক্ততা ও ঢেউয়ের ঝাপটায় ব্লকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।