কুয়াকাটার সঙ্গে শিগগির রেল যোগাযোগ: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে আরও আকর্ষণীয় করার উদ্যোগ সরকার নিয়েছে। কুয়াকাটায় যাতে সবাই আসতে পারে, সে জন্য সবচেয়ে জরুরি যোগাযোগ ব্যবস্থা ভালো করা। উন্নয়ন করতে গেলে সবার আগে রাস্তা করা জরুরি। সেটা সড়ক, নদী, রেলপথ দিয়ে হতে পারে। খুশির খবর হলো, সরকার অচিরেই এ এলাকার সঙ্গে রেল যোগাযোগের ব্যবস্থা করতে যাচ্ছে।’
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম সমুদ্রসৈকত কুয়াকাটায় গতকাল শনিবার দুপুরে তিন দিনব্যাপী ‘মেগা বিচ কার্নিভালের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্থানীয় লোকজনের উদ্দেশে মুহিত বলেন, ‘আপনারা অনেক ভাগ্যবান। কারণ আপনাদের পাশেই হচ্ছে দেশের গভীর সমুদ্রবন্দর পায়রা। পায়রা বন্দরকে ঘিরে দেশের অর্থনীতির গতি পাল্টে যাবে।’
অর্থমন্ত্রী আরও বলেন, ‘২০৩০ সালের মধ্যে দারিদ্র্য থাকবে না বলে পৃথিবীর অঙ্গীকার। আমাদের দেশে দারিদ্র্যসীমার নিচে সাড়ে তিন কোটি লোক বসবাস করছে। এদের ওই অবস্থান থেকে বের করে নিয়ে আসতে হবে। বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম দেশ, যেখানে দারিদ্র্য কমে যাচ্ছে। অতিদারিদ্র্য আরও কমে যাচ্ছে।’
এর আগে বেলা ১১টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে তিন দিনের বিচ কার্নিভাল উদ্বোধন করা হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন। এতে রাজনৈতিক নেতা, প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তা, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশ নেন।
কুয়াকাটা সমুদ্রসৈকতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড প্রথমবারের মতো এই ‘মেগা বিচ কার্নিভাল’ আয়োজন করে। কুয়াকাটাকে পর্যটকদের কাছে আকৃষ্ট করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, বর্ণিল সাজে সাজানো হয়েছে কুয়াকাটাকে।
কার্নিভালের প্রথম দিনের আয়োজনের মধ্যে ছিল ১৫ বছরের কম বয়সের বাচ্চাদের জন্য ফান গেমস, বিচ ফুটবল, বিচ ক্রিকেট, হাডুডু, ভলিবল, ঘুড়ি উৎসব, রাখাইন বৈচিত্র্যের ফুড ফেস্টিভাল, শামুক-ঝিনুকের মেলা, ওয়াটার বাইক, এভিটি রাইডস, ক্যাম্প ফায়ারিং, ফরেস্ট ট্র্যাকিং, বারবিকিউ, সাইকেল র্যা িল, লেজার শো ও ফানুস ওড়ানো। প্রথম দিনের সর্বশেষ আকর্ষণ ছিল স্থানীয় রাখাইন শিল্পীদের এবং ব্যান্ড গ্রুপ চিরকুটের সাংস্কৃতিক পরিবেশনা।