কুয়াকাটার সঙ্গে সড়ক যোগাযোগ ১২ ঘণ্টা পর চালু
পর্যটনকেন্দ্র পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটার সঙ্গে ঢাকাসহ সারা দেশের সরাসরি সড়ক যোগাযোগ ১২ ঘণ্টা পর ফের চালু হয়েছে।
গতকাল সোমবার সকাল নয়টায় কলাপাড়া উপজেলার পুরান মহিপুর ঘাটের ফেরির গ্যাংওয়ের মুখে একটি রডবোঝাই ট্রাক আটকে যাওয়ায় কলাপাড়ার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক ও স্থানীয় লোকজন ভোগান্তিতে পড়েন৷
সরেজমিনে দেখা গেছে, কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের পুরান মহিপুর-হাজীপুর নদীপথের পুরান মহিপুর ঘাটের ফেরির গ্যাংওয়ের মুখে রডবোঝাই একটি ট্রাক আটকে আছে। স্থানীয় লোকজন জানান, গতকাল সকাল নয়টার দিকে ফেরি পার হয়ে ওঠার সময় ট্রাকটি আটকে যায়। বরিশাল থেকে ট্রাকটি রড বোঝাই করে কুয়াকাটা যাচ্ছিল। গ্যাংওয়ের মুখে যানটি আটকে থাকায় ফেরিতে গাড়ি উঠতে পারছে না। এতে সোনাতলা নদীর দুই পাড়ে পুরান মহিপুর ও হাজীপুর ঘাটে যাত্রীবাহী বাস, ট্রাক, প্রাইভেট কার, মাইক্রোবাসসহ অন্যান্য যানের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে।
গ্যাংওয়েতে আটকে যাওয়া ট্রাকের চালক আবদুস ছত্তার বলেন, ‘ফেরি পার হয়ে গাড়ি নিয়ে ওঠার সময় গ্যাংওয়ের মুখে গিয়ে হঠাৎ ট্রাকের ক্রেন শেপ (যন্ত্রাংশ) ভেঙে যাওয়ায় আটকা পড়ে যাই। মানুষজন নিয়ে অনেক চেষ্টা করেও ট্রাকটি ওপরে তুলতে পারি নাই।’
সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় কুয়াকাটায় আসা পর্যটকেরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। তা ছাড়া বরিশাল, পটুয়াখালী, বরগুনা এবং কলাপাড়ার লোকজনকে কষ্ট করে চলাচল করতে হয়েছে। বরিশালগামী বাসযাত্রী আবুল হোসেন বলেন, ‘চিকিৎসার জন্য বরিশাল রওনা দিয়েছিলাম। পথে এসে আটকা পড়ে গেলাম। এখন নদী পার হয়ে অন্য উপায়ে যেতে হবে। ছোট বাচ্চা থাকায় সমস্যায় পড়েছি।’
সড়ক ও জনপথ বিভাগের কলাপাড়া কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবীর জানান, সারা দিন চেষ্টার পর চেইন কপ্পা (কপিকল) লাগিয়ে ট্রাকটি ওপরে তোলা গেছে৷ ১২ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে কুয়াকাটার সড়ক যোগাযোগ পুনঃস্থাপন করা সম্ভব হলো৷