কুয়াকাটার সেই নৌকাটি ফের উত্তোলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রসৈকত কুয়াকাটার ঝাউবাগানসংলগ্ন বালুর নিচ থেকে জেগে ওঠা নৌকাটি ঘূর্ণিঝড় ‘মহাসেন’-এর প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস এবং পরবর্তী সময়ে অতিরিক্ত জোয়ারের চাপে বালুতে দেবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর দ্বিতীয়বারের মতো এটি উত্তোলনের কাজ শুরু হয়েছে।যশোর সেনানিবাসের একটি দল গত রোববার সকাল থেকে এ কাজ শুরু করেছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্রে জানা গেছে, নৌকাটির ভেতরে জমে থাকা পলি অপসারণ করা হচ্ছে। এরপর বালুর চর থেকে নৌকাটিকে নিয়ে রাখাইন মহিলা মার্কেটের প্রবেশপথের পশ্চিম পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় সংরক্ষণ করা হবে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নৌকাটিকে স্থায়ীভাবে সংরক্ষণের জন্য যে জায়গা চিহ্নিত করা হয়েছে, তা নিয়ে বিরোধ দেখা দিয়েছে। কুয়াকাটায় বসবাসরত রাখাইনেরা নৌকাটি রাখার জায়গাটিকে নিজেদের বলে দাবি করছে। পটুয়াখালী জেলা প্রশাসন ও সংস্কৃতি মন্ত্রণালয় রাখাইন মহিলা মার্কেটে প্রবেশপথের পশ্চিম পাশের ওই জায়গাটিকে নৌকা রাখার জন্য চিহ্নিত করেছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উৎকীর্ণ লিপি ও মুদ্রা শাখার সহকারী পরিচালক আফরোজা খান বলেন, ‘নৌকাটির প্রথম দিকের উদ্ধার প্রক্রিয়া ছিল সবচেয়ে কঠিন। সেটি আমরা সাফল্যের সঙ্গেই শেষ করেছি। তবে পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় মহাসেনের কারণে এবং সাগরের অতিরিক্ত জোয়ারের চাপে পলি পড়ে নৌকাটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। যশোর সেনানিবাসের একটি দল নৌকাটি সংরক্ষণের চূড়ান্ত কাজ করছে। আশা করি দ্রুত এ কাজ সম্পন্ন হবে।’ গত বছরের জুলাইয়ে কুয়াকাটা সৈকতের পূর্ব দিকে ঝাউবাগানসংলগ্ন সাগরপাড়ে বালুর মধ্যে কাঠের এই নৌকাটি পাওয়া যায়।