কুয়াকাটায় অবহেলায় পড়ে আছে প্রাচীন নৌকাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুয়াকাটা সমুদ্রসৈকতে উদ্ধার হওয়া প্রাচীন আমলের সেই নৌকাটি অযত্নে পড়ে আছে। এটি সংরক্ষণের উদ্যোগ নেওয়ার কথা ছিল প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। ছবিটি গত শুক্রবার তোলা ।  প্রথম আলো
কুয়াকাটা সমুদ্রসৈকতে উদ্ধার হওয়া প্রাচীন আমলের সেই নৌকাটি অযত্নে পড়ে আছে। এটি সংরক্ষণের উদ্যোগ নেওয়ার কথা ছিল প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। ছবিটি গত শুক্রবার তোলা । প্রথম আলো

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সৈকতের ঝাউবাগানসংলগ্ন বালুর নিচ থেকে জেগে ওঠা প্রাচীন আমলের নৌকাটি উত্তোলনের পর স্থায়ীভাবে সংরক্ষণের জন্য অবকাঠামো নির্মাণের কাজ এখনো শুরু করা হয়নি। নৌকা সংরক্ষণের জন্য যে জমি বন্দোবস্ত দেওয়ার কথা, তার স্থায়ী সমাধান না হওয়ায় সংরক্ষণকাজ বিলম্বিত হচ্ছে।
অন্য একটি সূত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) যে জমিতে নৌকাটি সংরক্ষণ করা হবে, সেখানে দুটি অবৈধ স্থাপনা রয়েছে। তা স্থানীয় প্রশাসন সরিয়ে না দেওয়ায় নৌকা সংরক্ষণের জন্য অবকাঠামো নির্মাণ করা যাচ্ছে না। সরেজমিনে দেখা গেছে, বর্তমানে নৌকাটি কুয়াকাটার শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের পাশে পাউবোর জমিতে অবহেলায় পড়ে আছে। কোনো রক্ষণাবেক্ষণ না থাকায় রোদ-বৃষ্টিতে খোলা আকাশের নিচে নৌকাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি ঝাউবাগানসংলগ্ন বালুর নিচ থেকে তোলার পর শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের পূর্ব পাশে এনে রাখা হয়। গত বছর সেনাবাহিনীর যশোর ৫৫ ব্রিগেডের প্রকৌশল ইউনিটের সহায়তায় এ কাজ সম্পন্ন হয়। এতে প্রায় এক মাসের মতো সময় লেগে যায়। প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের পাশে পাউবোর যে জমির ওপর বর্তমানে নৌকাটি রয়েছে, সেখানেই একটি অবকাঠামো তৈরি করে এ অমূল্য নিদর্শনটি স্থায়ীভাবে সংরক্ষণ ও প্রদর্শন করা হবে; যা রূপান্তরিত হবে ‘নৌকার জাদুঘর’ হিসেবে। ওই জাদুঘরে থাকবে এই নৌকার একটি ইতিহাস। সে সঙ্গে থাকবে এর মধ্য থেকে পাওয়া পণ্যসামগ্রী প্রদর্শনীর ব্যবস্থা। এ জন্য ২৩ শতাংশ জমি বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। পাউবো থেকে মৌখিকভাবে জমিটি ব্যবহারের জন্য বলা হলেও এ-সংক্রান্ত কোনো সরকারি সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি। কুয়াকাটা উন্নয়ন ফোরামের আহ্বায়ক মো. মনিরুজ্জামান বলেন, ‘একটি ঐতিহাসিক নিদর্শন অবহেলায় পড়ে থাকতে পারে না। আমরা মনে করি, এটি সংরক্ষণের জন্য বাকি কাজটুকুও দ্রুত সম্পন্ন করা উচিত।’ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উৎকীর্ণ লিপি ও মুদ্রা শাখার সহকারী পরিচালক আফরোজা খান বলেন, ‘মে মাসের প্রথম সপ্তাহে নৌকা সংরক্ষণের জন্য অবকাঠামো তৈরির কাজ শুরু করার চিন্তা রয়েছে। তার আগে নৌকা সংরক্ষণের জন্য নির্ধারিত জায়গার অবৈধ স্থাপনা অপসারণের জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’ কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘নৌকা সংরক্ষণ করার জন্য নির্ধারিত জমিতে যে অবৈধ স্থাপনা রয়েছে, তা অতি তাড়াতাড়ি উচ্ছেদ করা হবে।’ ২০১২ সালের জুলাইয়ে কুয়াকাটা সৈকতের পূর্ব দিকে ঝাউবাগানসংলগ্ন সাগরপাড়ে বালুর মধ্যে কাঠের এই নৌকাটি পাওয়া যায়। প্রথম দিকে নৌকার পুরো কাঠামোর মাত্র দুই ফুট বালুর ওপরে জেগে থাকা অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পান। নৌকাটির দৈর্ঘ্য ৭২ ফুট, প্রস্থ সাড়ে ২৪ ফুট এবং উচ্চতা সাড়ে ১০ ফুট। এর ওজন আনুমানিক ৯০ টন।