কুয়াকাটায় অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটনকেন্দ্র কুয়াকাটায় সরকারি জমি অবৈধভাবে দখল করে গড়ে তোলা ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতঘর উচ্ছেদ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযানে ২০ জন দখলদারের অবৈধ স্থাপনা ভেঙে তাদের উচ্ছেদ করা হয়েছে। এর আগে জেলা প্রশাসন তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়ে নোটিশ দেয়। কিন্তু দখলদারেরা তাদের অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় একজন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ প্রথম আলোকে বলেন, নোটিশ দেওয়ার পরও যাঁরা স্থাপনা সরিয়ে নেননি, তাঁদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। অবৈধ দখলদারদের হাত থেকে কুয়াকাটাকে রক্ষা করা হবে। ১৯৯৮ সালে কুয়াকাটাকে পর্যটনকেন্দ্র হিসেবে ঘোষণার পর থেকে দখলদারেরা ভূমি দখলের পাঁয়তারা শুরু করে। দখলবাজেরা কুয়াকাটা সৈকতে প্রবেশের মূল সড়কের দুই পাশে এবং সৈকতের জিরো পয়েন্টের পূর্ব ও পশ্চিম পাশে বেড়িবাঁধের বাইরে অনেক এলাকা দখল করে সেখানে হোটেল, মুদি, মনোহারি, কম্পিউটার দোকান, জালের দোকান, মাছের গদি, সেলুন, গ্যারেজ, স্টেশনারি, চায়ের দোকান, বসতঘর, সমিতির ঘর নির্মাণ করেছে। আবার সৈকতের বিরাট এলাকা দখল করে কাঁটাতারের বেড়া দিয়ে আটকে রাখা হয়েছে। এ অবস্থায় জেলা ও উপজেলা প্রশাসন কুয়াকাটায় অবৈধ দখলদারদের উচ্ছেদের উদ্যোগ নেয়। কলাপাড়া উপজেলা প্রশাসন ইতিমধ্যে ৬৫ জন দখলদারের তালিকা তৈরি করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল উচ্ছেদ কার্যক্রম পরিচালনায় নিয়োগপ্রাপ্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে কুয়াকাটায় অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু হয়। এই অভিযানে কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জালালউদ্দিনসহ বিপুলসংখ্যক পুলিশ অংশ নেয়। গতকালের অভিযানে হোটেল সানরাইজ, কালাম মোল্লা ও রফিক ফরাজীর রিকশা-ভ্যানের যন্ত্রাংশের দোকান, আবদুল কাদের, আলী ঘরামি, শিলন, ফারুকের চায়ের দোকান, গোলাম মোস্তফার খাবার হোটেল, মনিরের কম্পিউটারের দোকানসহ ২০ জন দখলদারের স্থাপনা উচ্ছেদ করা হয়। কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জালালউদ্দিন বলেন, কুয়াকাটা পর্যটনকেন্দ্রে সরকারি জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য এটা প্রথম পদক্ষেপ। এই উচ্ছেদ অভিযান ধারাবাহিকভাবে চলবে। উচ্ছেদ অভিযান পরিচালনায় নিয়োগপ্রাপ্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, তালিকা অনুযায়ী ২০ জন অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হয়েছে। কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে পূর্ব ও পশ্চিম দিকের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। উল্লেখ্য, গত ১৫ জুলাই প্রথম আলোয় ‘কুয়াকাটায় সরকারি জমি দখলমুক্ত করার উদ্যোগ’ শিরোনামে এবং গত ২৫ জুন ‘কুয়াকাটার খাসজমি দখল করে আবাসন ব্যবসা’ শিরোনামে দুটি সংবাদ ছাপা হয়। প্রকাশিত প্রতিবেদনের ওপর বিস্তারিতভাবে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য জেলা প্রশাসক ১৫ জুলাই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইউসুব আলী মোল্লাকে আহ্বায়ক এবং কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী ও কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জালালউদ্দিনকে সদস্য করে আগামী সাত দিনের মধ্যে বিস্তারিতভাবে তদন্ত করে মতামত প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়। সেঞ্চুরি রিয়েলটি লিমিটেডের বক্তব্য: কুয়াকাটায় সেঞ্চুরি রিয়েলটি লিমিটেডের ‘সেঞ্চুরি মডেল টাউন’ প্রকল্প কর্তৃপক্ষ সরকারি কোনো জমি দখল করেনি বলে দাবি করেছে। কোম্পানির চেয়ারম্যান এম জি আর নাসির প্রথম আলোকে বলেন, তাঁদের প্রকল্পের মধ্যে কোনো সরকারি জমি অন্তর্ভুক্ত করা হয়নি। তবে প্রকল্প এলাকার মধ্যে সরকারি রাস্তা, খাল-নালা, বিল থাকতে পারে। সেগুলো তাঁরা দখল করেননি। সেগুলো যেমন থাকার কথা তেমনি আছে। সেঞ্চুরি কর্তৃপক্ষ বলেছে, কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে কাউয়ারচর পর্যন্ত ১২ বর্গকিলোমিটার এলাকা নিয়ে ২০০৯ সালের জানুয়ারি মাস থেকে তাদের আবাসন প্রকল্পের কাজ শুরু হয়েছে। এ পর্যন্ত এক হাজার ৩০০ একরের মতো জমির নিবন্ধন সম্পন্ন হয়েছে। বায়না করা আছে আরও এক হাজার ৮০০ একরের মতো জমি।কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জালালউদ্দিন বলেন, ‘লতাচাপলী মৌজায় সব মিলিয়ে এক হাজার ১০০ একরের কিছু বেশি খাসজমি আছে। সেঞ্চুরির প্রকল্প এলাকার মধ্যে প্রায় ৩০০ একর সরকারি জমি রয়েছে। তবে সেই জমি চিহ্নিত করা হচ্ছে এবং তা দখল হয়েছে কি না তা নির্ধারণে কাজ চলছে।