পটুয়াখালীর কুয়াকাটায় নোয়া বাহিনীর প্রধানসহ ১২ জলদস্যুর একটি দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করেছে। গতকাল শনিবার দুপুরে কুয়াকাটার রাখাইন মহিলা মার্কেটের সামনে জলদস্যুরা আত্মসমর্পণ করেন। এ সময় আগে আত্মসমর্পণ করা সাতটি জলদস্যু বাহিনীর সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হয়।
আত্মসমর্পণ অনুষ্ঠানের শুরুতে নোয়া বাহিনীর প্রধান মো. বাকি বিল্লাহ ওরফে নোয়া মিয়া নিজের কাছে থাকা বন্দুক স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে জমা দিয়ে সুস্থ জীবনে ফিরে আসার ঘোষণা দেন। এ সময় বাকি বিল্লাহ বলেন, ‘এত দিন অন্যায় পথে ছিলাম। আমরা ভুল বুঝতে পেরেছি। মুক্ত জীবনে ভালোভাবে যাতে চলতে পারি, সে জন্য প্রশাসনসহ সকলের সহযোগিতা চাই।’
এরপর বাহিনীর সদস্য মো. মনিরুল শেখ, মো. মানজুর মোল্লা ওরফে রাঙা, মো. মুক্ত শেখ, মো. তরিকুল শেখ, মো. আকবর শেখ, মো. কিবরিয়া মোড়ল, মো. জাহাঙ্গীর শেখ ওরফে মাঝা ভাই, মো. আল আমিন সিকদার, মো. ইউনুস শেখ ওরফে দুলাল ঠাকুর, মো. মিলাদুল মোল্লা ওরফে কালু ডাকাত, মো. মোশাররফ হোসেন বন্দুক ও গুলি জমা দেন। জলদস্যু দলের সদস্যরা এ সময় দেশি-বিদেশি ২৫টি আগ্নেয়াস্ত্রসহ ১ হাজার ১০৫টি গুলি জমা দেন। আত্মসমর্পণ করা জলদস্যুদের বাড়ি বাগেরহাটের মোংলা ও রামপাল এলাকায়।
একই অনুষ্ঠানে এর আগে আত্মসমর্পণ করা মাস্টার বাহিনী, মজনু বাহিনী, ইলিয়াস বাহিনী, শান্ত বাহিনী, আলম বাহিনী, সাগর বাহিনী ও খোকাবাবু বাহিনীর ৬০ জন জলদস্যুর প্রত্যেককে নগদ ২০ হাজার টাকা ও কম্বল প্রদান করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘সকলের সহযোগিতা নিয়ে আমরা যেভাবে জঙ্গিবাদ রুখে দিয়েছি, যদি সেভাবে কাজ করতে পারি, তাহলে সুন্দরবনসহ সাগরেও দস্যুতা রোধ করতে পারব। সর্বোপরি কথা হলো, আমরা সুন্দরবনের দস্যুতা রোধ করবই।’
অনুষ্ঠানে র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ‘এখনো পূর্ব সুন্দরবনে দুটি ও পশ্চিম সুন্দরবনে ছয়টি দল সক্রিয় রয়েছে। এদের আত্মসমর্পণ করতে হবে, নয় ভয়াবহ পরিস্থিতির কবলে পড়তে হতে পারে।’
র্যা ব-৮–এর অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ার উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বরিশালের ডিআইজি শেখ মো. মারুফ হাসান, পটুয়াখালীর জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক প্রমুখ।