কুয়াকাটায় আবাসন কোম্পানির বিরুদ্ধে উচ্ছেদ মামলা
পটুয়াখালীর কলাপাড়ার পর্যটনকেন্দ্র কুয়াকাটায় সরকারি জমি দখলমুক্ত করার অংশ হিসেবে ২৬ মে উপজেলা ভূমি কার্যালয় ওশান সিটি নামের একটি আবাসন কোম্পানির বিরুদ্ধে উচ্ছেদ মামলা করেছে। এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন পাঠানো হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটাকে পর্যটনকেন্দ্র হিসেবে ঘোষণার পর থেকেই দখলবাজেরা ভূমি দখলের পাঁয়তারা শুরু করে। সৈকতে প্রবেশের মূল সড়কের দুপাশে ও জিরো পয়েন্টের পূর্ব ও পশ্চিম পাশে বেড়িবাঁধের বাইরে অনেক এলাকা বেদখল হয়ে গেছে। উপজেলা ভূমি কার্যালয় জানায়, জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত গত ১৬ এপ্রিল জিরো পয়েন্টে খাসজমি দখলমুক্ত করার জন্য অভিযান চালান। তখন ভ্রাম্যমাণ আদালত আবাসন কোম্পানি ওশান সিটিকে সেখানে খাসজমিতে পাকা স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করে সাত দিনের মধ্যে তাদের বৈধতার কাগজপত্র দাখিলের নির্দেশনা দেন।মহিপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, সঠিক কাগজপত্র না দেখিয়ে অবৈধভাবে স্থাপনা করায় কলাপাড়া ভূমি অফিসকে অবহিত করার জন্য ২ মে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন দাখিল করা হয়। এর পরই কলাপাড়া ভূমি কার্যালয় ওশান সিটির বিরুদ্ধে উচ্ছেদ মামলার প্রস্তুতি নেয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, কুয়াকাটা জিরো পয়েন্টে খাস খতিয়ানের লতাচাপালি মৌজার চার একর ৭৭ শতাংশ জমি নিয়ে অবৈধভাবে একটি খতিয়ান তৈরি করে কোটি কোটি টাকার এই সম্পত্তি স্থানীয় একশ্রেণীর দখলবাজসহ কতিপয় আবাসন ব্যবসায়ী স্থাপনা তুলে দখল করছে। ২০০৪ সালের অক্টোবরে অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) নির্দেশক্রমে ৯৬৬ নম্বর স্মারকে ওই খতিয়ান বাতিল করা হয়।ওশান সিটির প্রকল্প পরিচালক মো. মিলন ভূঁইয়া এ বিষয়ে বলেন, আদালতের ডিক্রির বলে ক্রয়সূত্রে ওই জমি তাঁদের কোম্পানির, খাসজমি নয়। মামলা করার বিষয়টি তাঁরা এখনো জানেন না বলে দাবি করেন তিনি।