কুয়াকাটায় আরও ৭০ অবৈধ দখলদারের তালিকা তৈরি
পর্যটনকেন্দ্র কুয়াকাটায় আরও ৭০ জন অবৈধ দখলদারের তালিকা তৈরি করেছে কলাপাড়া উপজেলা প্রশাসন। এসব দখলদার কুয়াকাটায় সরকারি জমি অবৈধভাবে দখল করে গড়ে তুলেছে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতঘর। এর আগেও উপজেলা প্রশাসন ৬৫ জন অবৈধ দখলদারের তালিকা তৈরি এবং জেলা প্রশাসন দুই দফায় অভিযান চালিয়ে তাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।এদিকে উচ্ছেদ এড়াতে কুয়াকাটার সৈকতলাগোয়া বিরোধপূর্ণ জমিতে ‘কুয়াকাটা রাখাইনদের ইতিহাস অ্যান্ড ফিস মিউজিয়াম’ সাইনবোর্ড লাগিয়ে আধা পাকা ঘর নির্মাণ করা হয়েছে। কলাপাড়া ভূমি অফিস ওই জমি খাস বলে দাবি করছে। তবে এ নিয়ে আদালতে মামলা রয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াকাটাকে পর্যটনকেন্দ্র হিসেবে ঘোষণার পর থেকেই দখলদাররা ভূমি দখলের পাঁয়তারা শুরু করে। সৈকতে ঢোকার মূল সড়কের দুই পাশে এবং সৈকতের জিরো পয়েন্টের পূর্ব ও পশ্চিম পাশে বেড়িবাঁধের বাইরে অনেক এলাকা দখল করে হোটেল, মুদি, মনোহারী, কম্পিউটার দোকান, পার্সের দোকান, জাল-সুতার দোকান, মাছের গদি, সেলুন, গাড়ির গ্যারেজ, স্টেশনারি, চায়ের দোকান, বসতঘর, সমিতির ঘর ইত্যাদি স্থাপনা গড়ে তোলা হয়েছে।এ অবস্থায় জেলা ও উপজেলা প্রশাসন অবৈধ দখলদারদের উচ্ছেদের উদ্যোগ নেয়। কলাপাড়া উপজেলা প্রশাসন প্রথম দফায় ৬৫ জন দখলদারের তালিকা করে। গত বছর দুই দফায় অভিযান চালিয়ে জেলা প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।নতুন করে অবৈধ দখলদারদের তালিকা তৈরির পর দখলদাররা সরকারি জমি দখলে রাখতে বিভিন্ন কৌশল অবলম্বন করছে। কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে সৈকতে নেমে পশ্চিমে একটু এগোলে সৈকতলাগোয়া জমিতে আধা পাকা ঘর নির্মাণ করে চারপাশে তাঁরকাটা দিয়ে প্রবেশমুখে সাইনবোর্ড লাগানো রয়েছে কুয়াকাটা রাখাইনদের ইতিহাস অ্যান্ড ফিস মিউজিয়ামের নামে। সেখানে ইদ্রিস ও হাসান নামে দুজন তত্ত্বাবধায়ক রয়েছেন। ইদ্রিস জানান, এই জমির মালিক মাহাবুবুর রহমান। তিনি ঢাকায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মালিকপক্ষের লোকজন কুয়াকাটায় এলে এখানেই থাকেন। তবে মালিক দাবিদার মাহাবুবুর রহমান মুঠোফোনে জানান, সেখানে ক্রয়সূত্রে তিনি ১১ শতাংশ জমির মালিক। তবে সরকার এই জমি হুকুমদখল করার উদ্যোগ নিয়েছে এবং এর বিরুদ্ধে তাঁরা আদালতের শরণাপন্ন হয়েছেন। আদালত ওই জমির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন।এ ব্যাপারে মহিপুর ভূমি অফিসের সহকারী কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, বিভিন্ন মিস কেস বা সেটেলমেন্ট কেস দেখিয়ে খতিয়ান খুলে ওই জমির মালিকানা দাবি করা হচ্ছে। এ ব্যাপারে দিয়ারা জরিপে ওই জমি ১ নম্বর খাস খতিয়ানে সরকারের জমি বলে মতামত দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ৫১৭৮ নম্বর দাগে সরকারি ২৩ একর ৬২ শতাংশ জমি রয়েছে। এই জমির পুরোটাই অবৈধ দখলদারদের দখলে ছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে ৬৫ জন দখলদারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। প্রায় অর্ধেক জমি উদ্ধার করা সম্ভব হয়েছে এবং আরও ৭০ জন অবৈধ দখলদারের তালিকা তৈরি করা হয়েছে। কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল আউয়াল জানান, নতুন করে ৭০ জন অবৈধ দখলদারের তালিকায় ওই জমিও রয়েছে। সেখানে কীভাবে রাখাইনসম্প্রদায়ের নাম ব্যবহার করে ঘর নির্মাণ করা হয়েছে, তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।কুয়াকাটা রাখাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য ও রাখাইন মহিলা মার্কেটের সভানেত্রী লুমা রাখাইন জানান, তাঁদের ইতিহাসের কথা বলে সাইনবোর্ড লাগানো হয়েছে, কিন্তু তাঁরা এ ব্যাপারে কিছুই জানেন না। পটুয়াখালী বৌদ্ধ বিহার সমিতির সভাপতি লুফ্রু মাস্টার জানান, ওই স্থানে রাখাইন সম্প্রদায়ের নাম ব্যবহার করে কে বা কারা সাইনবোর্ড টাঙিয়েছে, তা যাচাই করে দেখতে হবে।