কুয়াকাটায় ইঞ্জিনে কাপড় পেঁচিয়ে জেলের মৃত্যু

পটুয়াখালীর কুয়াকাটায় ট্রলারের ইঞ্জিনে গেঞ্জি পেঁচিয়ে এক জেলের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় কুয়াকাটা সৈকতের ঝাউবাগান-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম কুদ্দুস খন্দকার (৫৫)। তিনি কুয়াকাটা পৌর শহরের হুইসেনপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় জেলে শাহজাহান মিয়া বলেন, সকালে সাগরে মাছ শিকারের জন্য ছেলেকে নিয়ে বের হন কুদ্দুস খন্দকার। ইঞ্জিন চালু করার সময় প্রচণ্ড ঢেউয়ে হঠাৎ ট্রলারের পেছনের অংশ জেগে যায়। এ সময় কুদ্দুস খন্দকার ছিটকে ইঞ্জিনের ওপর পড়লে তাঁর গায়ে থাকা গেঞ্জি ইঞ্জিনে পেঁচিয়ে যায়। এতে তিনি মাথা, বুকে ও হাতে গুরুতর আঘাত পান।
তাৎক্ষণিক কুদ্দুস খন্দকারকে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক কুদ্দুস খন্দকারকে মৃত ঘোষণা করেন।