কুয়াকাটায় উপড়ে পড়া গাছ লুটপাট
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের ইকোপার্ক ও তৎসংলগ্ন গঙ্গামতী সংরক্ষিত বন থেকে উপড়ে পড়া গাছ স্থানীয় লোকজন কেটে নিয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড় সিডর, আইলা ও সাগরে জোয়ারের পানির চাপে ওই গাছগুলো উপড়ে পড়ে। বন বিভাগের পরিসংখ্যান থেকে জানা গেছে, দুই স্থানে উপড়ে পড়া গাছের সংখ্যা এক হাজার ৩০০। বিভিন্ন সময় প্রায় ৬০০ গাছ বন থেকে সংগ্রহ করা হয়েছে। এখনো ৭০০ গাছ দুটি বনের বিভিন্ন অংশে পড়ে রয়েছে। এর মধ্যে কড়ই, তেঁতুল, রামতেঁতুল, গেওয়া, কেওড়া ও ঝাউগাছ রয়েছে।রোববার সরেজমিনে গিয়ে দেখা গেছে, কুয়াকাটা ইকোপার্কের কাছে উপড়ে পড়ে থাকা একটি তেঁতুলগাছ কাটছেন কয়েকজন। কেন গাছ কাটছেন জিজ্ঞেস করলে তাঁরা বলেন, ‘মোরা খাইট্যা খাওয়া মানুষ। পয়সার বিনিময়ে গাছ কাইট্যা দেই। কুয়াকাটা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুর রহিম মোগো এই গাছ কাটতে কইছে।’ পাশেই দাঁড়িয়ে থাকা কাউন্সিলর আবদুর রহিম বলেন, ‘এইয়া কোনো কামের গাছ না। পইর্যা রইছে, তয় কুয়াকাটা ক্যাম্পের বিট অফিসারের লগে কইয়াই কাটতেছি।’ যেখানে এ গাছ কাটা হচ্ছিল তার ঠিক ২০০ গজ দূরে ইকোপার্কের মধ্যে একটি বেঞ্চে বসে গল্প করছিলেন কুয়াকাটা বন বিভাগের বনরক্ষী গাউস ফারুকী ও আবদুস সোবহান। কাছে গিয়ে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তাঁদের মধ্যে একজন বলেন, ‘এইগুলা বইন্যায় পইরর্যা পঁইচচা গ্যাছে। একজনে আইয়া আবদার কইর্যা চাইলে না কইতে পারি না।’সরেজমিনে আরও দেখা যায়, ইকোপার্ক এলাকায় উপড়ে পড়া তেঁতুল, কড়ই, জাম, তুলা ও ঝাউগাছের অধিকাংশেরই গোড়া কাটা। একই অবস্থা গঙ্গামতী সংরক্ষিত বনাঞ্চলেরও। খোঁজ নিয়ে জানা গেছে, গঙ্গামতীর সংরক্ষিত বন থেকে স্থানীয় কিছু লোক উপড়ে পড়া গাছ কেটে নিয়ে যাচ্ছে। কুয়াকাটা সৈকত এলাকার বাসিন্দা আবদুল মালেক বললেন, ‘সিডর-আইলার জোয়ারের চাপে পইর্যা এই বাগানের কয়েক শ গাছ পড়ছে। হেই উপড়াইন্যা গাছগুলা গ্যালে কই। এই রহম কইর্যাই তো কাইট্যা লইয়া গ্যাছে।’ কুয়াকাটা বন বিভাগের বিট কর্মকর্তা মো. শাহ আলম বলেন, ‘ভবিষ্যতে কেউ যাতে বনের কোনো গাছ কেটে নিতে না পারে, সে ব্যাপারে আমাদের কঠোর দৃষ্টি থাকবে।’কুয়াকাটা বন বিভাগের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা খন্দকার ইয়াকুব আলী বলেন, ‘প্রথম দিকে কিছু গাছ সংগ্রহ করা হয়েছিল। সেগুলো বিক্রি করে রাজস্ব আদায় করা হয়েছে। আমি মনে করি, বাকি গাছগুলোও সংগ্রহ করা উচিত।’ ইয়াকুব আলী আরও বলেন, ‘গাছ সংগ্রহের বিষয়ে আবার আমাদের ভয়ও আছে। এসব গাছ সংগ্রহ করার জন্য ঠিকাদার নিয়োগ করে দেওয়া হলে তারা বনে ঢুকে ভালো গাছও কেটে নিয়ে যেতে পারে।’