কুয়াকাটায় কেন্দ্র দখলের পাঁয়তারার অভিযোগ আ.লীগ প্রার্থীর
পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টি (এ) মনোনীত মেয়র প্রার্থী মো. আনোয়ার হাওলাদারের বিরুদ্ধে ভোটকেন্দ্র দখল করার পাঁয়তারা এবং সন্ত্রাসী বাহিনী জড়ো করে ভোটের পরিবেশ নষ্ট করার অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী আবদুল বারেক মোল্লা। রিটার্নিং কর্মকর্তার কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
লিখিত অভিযোগে বলা হয়েছে, আনোয়ার হাওলাদার মঠবাড়িয়া এলাকার চিহ্নিত জলদস্যু আবু সৈয়দ ওরফে সৈয়দ বাহিনীর ১২ সদস্যের একটি দল কুয়াকাটায় জড়ো করেছেন। তাঁরা ইতিমধ্যে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অশালীন কথাবার্তা বলছেন। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে এবং নির্বাচন বানচাল করতে এ সন্ত্রাসী বাহিনী জড়ো করা হয়েছে।
আনোয়ার হাওলাদার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, আবদুল বারেক মোল্লা পরিকল্পিতভাবে এসব অভিযোগ দিচ্ছেন। বরং আবদুল বারেক মোল্লা ভোট ডাকাতির জন্য বহিরাগত সন্ত্রাসী ভাড়া করেছেন।