কুয়াকাটায় জমি দখল নিয়ে সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পর্যটনকেন্দ্র কুয়াকাটায় একটি আবাসন প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে স্থানীয় এক পৌর কাউন্সিলরের পরিবারের সদস্যদের সংঘর্ষ হয়েছে। আবাসন প্রতিষ্ঠান জমি দখলের চেষ্টা করলে এ সংঘর্ষ হয়। এতে ওই পৌর কাউন্সিলরসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ নয়জনকে গ্রেপ্তার করেছে। কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে আবাসন প্রতিষ্ঠান হাইপেরিয়ান বিল্ডার্স লিমিটেড কর্মচারী এস কে রঞ্জনের নেতৃত্বে ২৫-৩০ জন লোক কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে একটি জমি দখল করে সীমানাপ্রাচীর তোলার চেষ্টা করে। এ সময় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনির শরীফ তাঁদের বাধা দেন। এ ঘটনায় প্রতিষ্ঠানটির কর্মচারীরা তাঁকে মারধর করে। এ সময় মনির শরীফের পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মনির শরীফের বাবা আবু শরীফ (৬০), তাঁর চাচাতো ভাই খলিল শরীফ (৫০), খলিল শরীফের স্ত্রী মোরশেদা বেগম (৩৫), তাঁর ছেলে বনি শরীফ (১৩), খালা রেণু বেগম (৩৬), তাছলিমা বেগম (৩৪), মমতাজ বেগম (৩২), তাঁর বোন শাহিদা বেগম (৪০) এবং আবাসন প্রতিষ্ঠানের কর্মচারী হিরণ (৩০), কালা (২৬), এস এম শামীমসহ (৩০) অন্তত ২০ জন আহত হয়। এ ঘটনায় মনির শরীফ গতকাল রোববার হাইপেরিয়ান বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলমসহ ১২ জনের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগে মামলা করেছেন। ওই মামলায় জাকির হোসেন, মহিম মৃধা, অলি হাওলাদার, আশরাফ বেপারী, কাওসার হাওলাদার, ইভান হাওলাদার, দেলোয়ার হোসেন, তালহা ও হিরণকে গ্রেপ্তার করা হয়েছে। পৌর কাউন্সিলর মনির শরীফ বলেন, ‘ওই জমি আমাদের পৈতৃক সম্পত্তি। এ নিয়ে আদালতের স্থিতাবস্থার নির্দেশ রয়েছে। ওই নির্দেশ উপেক্ষা করে একদল ভাড়াটে সন্ত্রাসী নিয়ে হাইপেরিয়ানের লোকজন জমি দখল করার চেষ্টা চালায়। শুক্রবার সকাল থেকেই ওই জমি দখলের পাঁয়তারা করছিল, কিন্তু দখলদারেরা সুবিধা করতে পারেনি। পুনরায় শনিবার সকাল থেকে হাইপেরিয়ানের সন্ত্রাসীরা অনেক লোকজন নিয়ে সীমানাপ্রাচীর নির্মাণের চেষ্টা চালায়। বাধা দিলে আমার ওপর হামলা চালানো হয়।’হাইপেরিয়ানের কুয়াকাটা কার্যালয়ের সমন্বয়কারী এস কে রঞ্জন বলেন, ‘হাইপেরিয়ান চার বছর আগে ওই এলাকায় এক একর ৮৩ শতাংশ জমি কিনেছে। আমিসহ কোম্পানির অন্য কর্মকর্তারা ওই জমিতে উপস্থিত থেকে সীমানাপ্রাচীর তোলার কাজ শুরু করি। মনির শরীফই কোনো কিছু না শুনে আমাদের শ্রমিকদের মারধর করেছে। এতে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তা ছাড়া ওই জমিতে তাদের কোনো দাবি থাকলে তারা কোম্পানির সঙ্গে বসেই মীমাংসা করতে পারত। এ ব্যাপারে বিভিন্ন সময় তাদের খবরও দেওয়া হয়েছিল। কিন্তু তারা আসেননি।’