নদী ও পানির অধিকার রক্ষায় দেশে এখনো জনঅংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। আইনের সীমাবদ্ধতা, সাধারণ মানুষের চিন্তা ও মতামতকে কম গুরুত্ব দেওয়ার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংলাদেশ আঞ্চলিকভাবে পানির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। পানির ন্যায্যতা ও জনগণকেন্দ্রিক ব্যবস্থাপনা নিয়ে ‘জল ও জনতন্ত্র সম্মেলন’-এ গতকাল বুধবার বক্তারা এ কথা বলেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বরিশালভিত্তিক বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন অব ভলান্টারি অ্যাকশনস ফর সোসাইটি (আভাস) সার্বিক সহযোগিতা দেয়। গতকাল কুয়াকাটা সমুদ্রসৈকতের একটি হোটেলের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। এতে দক্ষিণ এশিয়ার নদীশাসন, পানি ব্যবস্থাপনা, নদী ও জীবিকা এবং পানি ও নারীর বিষয় নিয়ে চারজন বিশেষজ্ঞ চারটি প্রবন্ধ উপস্থাপন করেন।
‘জল ও জলতন্ত্র’বিষয়ক মূল প্রবন্ধ এবং পানি ও নদী নিয়ে সাম্প্রতিক এক গবেষণার চিত্র উপস্থাপন করেন অ্যাকশনএইড বাংলাদেশের ভূমি ও পানির অধিকার বিভাগের ব্যবস্থাপক শমসের আলী। এতে বলা হয়, পানির কৃত্রিম সংকটের ফলে নদীপাড়ের মানুষেরা তাদের জীবিকা হারাচ্ছে। জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে, বৃদ্ধি পাচ্ছে লবণাক্ততা। জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি, মৎস্যসহ প্রতিটি ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ছে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও আন্তর্জাতিক পানি বিশেষজ্ঞ আইনুন নিশাত বলেন, ‘সমস্যা সমাধানের জন্য যদি সঠিক তথ্য-উপাত্ত নিয়ে উপস্থাপন করতে না পারি, তাহলে নীতিনির্ধারকদের কাছে গুরুত্ব পাওয়া যাবে না। সমস্যার সমাধান আসা উচিত প্রান্তিক মানুষের কাছ থেকেই। কারণ তারাই নদী ও পানি নিয়ে সবচেয়ে বেশি জানে। স্থানীয় বাসিন্দাদের অভিজ্ঞতাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে স্থানান্তর করে উদ্যোগ নিতে হবে। নদীভাঙন নদীর গতিপথ অনুযায়ী ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে সাধারণ মানুষের অনেক জ্ঞান আছে। এই জ্ঞানকে কাজে লাগাতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, নদীর অধিকার না থাকা মানে নদীকে মেরে ফেলা। ভোট দেওয়ার মতো পানি পাওয়ার অধিকার মানুষের রয়েছে। তাই পানি বিষয়ে সাধারণ মানুষের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ।
নেপালের মহিলা অধিকার মঞ্চের উপদেষ্টা সাবিত্রী পোখারেল বলেন, ‘অধিকারের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এর সঙ্গে প্রতিটি জীবন জড়িত। পানি ছাড়া বাঁচা যায় না এবং মরাও যায় না। সবাই মিলে কাজ না করলে পানি অধিকারের বিষয়ে আমরা সফল হব না। তাই তৃণমূল পর্যায় থেকে সংগঠিত হয়ে দক্ষিণ এশিয়ার আন্তর্দেশীয় সংগঠনগুলোকে শক্তিশালী করার মাধ্যমে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে।’
দক্ষিণ এশিয়ার পানি ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক মেহেরুন নেসা বলেন, বাংলাদেশ আঞ্চলিকভাবে পানির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সোচ্চার হতে হবে।
দ্বিতীয় দিনের সম্মেলন হবে আজ বৃহস্পতিবার কলাপাড়া উপজেলার পাখিমারা বাজারসংলগ্ন এলাকায় স্থাপিত পানি জাদুঘরে।