কুয়াকাটায় ট্যুরিস্ট বোট চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্র ও আশপাশের এলাকায় গতকাল শনিবার থেকে ট্যুরিস্ট বোট ও স্পিড বোট চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
ইউএনও সাদিকুর রহমান বলেন, এসব নৌযান পর্যটকদের জন্য অনিরাপদ। এ ছাড়া সৈকতসংলগ্ন এলাকায় পর্যটকের গোসল করার স্পটে বোট চলাচলে বিপদ ঘটার শঙ্কাই বেশি থাকে। তাই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসব নৌযান পর্যটকদের জন্য অনিরাপদ এবং দুর্ঘটনা এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্তাব্যক্তিরা। তবে বোটের মালিক ও চালকেরা বলছেন, পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ করে এ সিদ্ধান্ত নেওয়ায় তাঁদের জীবন-জীবিকা অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা সৈকত থেকে ফাতরার বনাঞ্চলসহ বিভিন্ন পিকনিক স্পটে পর্যটকেরা ভ্রমণ করেন। এখানে ২২টি ট্যুরিস্ট বোট ও ১১টি স্পিডবোট চলাচল করে। এর মাধ্যমে অনেকের জীবিকার সংস্থান হয়েছে। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ট্যুরিস্ট পুলিশের একটি দল সৈকতে গিয়ে বোট চলাচল বন্ধের নির্দেশ দেয়। এরপর থেকে পর্যটক নিয়ে এসব বোট আর ছেড়ে যায়নি।