কুয়াকাটায় থানা স্থাপনের দাবিতে ধর্মঘট পালন
পর্যটনকেন্দ্র কুয়াকাটায় থানা স্থাপনের দাবিতে কুয়াকাটা পৌর এলাকা, মৎস্যবন্দর আলীপুর, লক্ষ্মীবাজার ও চাপলী বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে এক ঘণ্টার ধর্মঘট পালন করেছেন। কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।ধর্মঘটের পর ব্যবসায়ীসহ সাধারণ মানুষ কুয়াকাটা জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করেন। শত শত মানুষের ওই কর্মসূচিতে কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরিফ বলেন, ‘কুয়াকাটাকে থানা ঘোষণা না দেওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন ধারাবাহিকভাবে চলতে থাকবে। প্রয়োজনে এর চেয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’ কুয়াকাটা থানা বাস্তবায়ন কমিটির সদস্যসচিব নাসির উদ্দিন বলেন, কুয়াকাটাকে কেন্দ্র করে যেখানে আন্তর্জাতিক মানের পর্যটন নগর গড়ে তোলার জন্য সরকার একটি মহাপরিকল্পনা তৈরি করে উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে, সেখানে অপর একটি মহল কুয়াকাটার উন্নয়ন কাজকে বাধাগ্রস্ত করতে মহীপুরে থানা স্থাপনের দাবি করছে।