কুয়াকাটায় পর্যটকদের ভিড়

ঈদুল আজহার ছুটিতে সমুদ্রসৈকত কুয়াকাটায় প্রচুর পর্যটকের আগমন ঘটেছে। ঈদের দিন মঙ্গলবার বিকেল থেকেই পর্যটকেরা কুয়াকাটাতে আসতে শুরু করেন।
গত বুধ ও গতকাল বৃহস্পতিবার কুয়াকাটায় অবস্থান করে দেখা গেছে সৈকতে পর্যটকদের ভিড়। সৈকতের জিরো পয়েন্ট, ইকোপার্ক, লেম্বুরচর, শুঁটকিপল্লি, মিশ্রীপাড়া বৌদ্ধমন্দির, রাখাইন মহিলা মার্কেটসহ আকর্ষণীয় সব জায়গায় পর্যটকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খাবারের হোটেল, চায়ের দোকানগুলোতেও ছিল ভিড়।
কুয়াকাটার আবাসিক হোটেল ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, কুয়াকাটায় ৫২টি আবাসিক হোটেল-মোটেল রয়েছে। এসব হোটেল-মোটেলের প্রতিটি কক্ষ ১৫ দিন আগেই বরাদ্দ (বুকিং) হয়ে গেছে। ঈদের দিন বিকেল থেকে বুকিং দেওয়া কক্ষগুলোতে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা এসে উঠেছেন। সবগুলো হোটেল-মোটেলের কক্ষ কাল শনিবার পর্যন্ত বুকিং রয়েছে।
স্থানীয় অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, একসময় কলাপাড়া থেকে কুয়াকাটা পর্যন্ত ২২ কিলোমিটার সড়কপথে ফেরি পারাপার ছিল চরম ভোগান্তির। দীর্ঘ পথ পেরিয়ে এসে এ ভোগান্তি ছিল অবর্ণনীয়। এ সড়কপথের তিনটি নদীর ওপর নির্মিত তিনটি সেতু সাত মাস আগে চালু করা হয়েছে। ফলে আগের সে ভোগান্তি দূর হয়ে গেছে। যাতায়াত সহজ হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে বাস, মাইক্রোবাস, প্রাইভেট কারে করে সহজেই পর্যটকেরা কুয়াকাটায় চলে আসতে পারছেন।
দিনে দিনে কুয়াকাটায় পর্যটকের চাপ কয়েক গুণ বেড়েছে ঠিকই, কিন্তু সৈকতে অব্যবস্থাপনা, মোটরসাইকেল চালকদের বাড়াবাড়ি, হোটেল-মোটেলে অতিরিক্ত অর্থ আদায় করা নিয়েও অনেক পর্যটক প্রশ্ন তুলেছেন। ঢাকার পর্যটক রায়হান কবীর বলেন, ‘আমরা থাকার জন্য যে হোটেলটিতে উঠেছি, তার দুই শয্যার কক্ষের ভাড়া সর্বোচ্চ ২ হাজার টাকা হতে পারে। সেখানে ভাড়া নেওয়া হচ্ছে ৩ হাজার টাকা। অথচ সেভাবে সার্ভিসও পাওয়া যায় না।’
খুলনার পর্যটক লিপি খন্দকার বলেন, ‘ছয় বছর পর কুয়াকাটায় এসে বিস্মিত হলাম। কুয়াকাটার আগের সেই সৌন্দর্য নেই। সৈকত ভেঙে ছোট হয়ে গেছে। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে আছে ইট-সুরকির ভাঙা অংশ। এতে চলাফেরা করা বিপজ্জনক।’ তিনি বলেন, রাতে চলাফেরা করার জন্য আলোর ব্যবস্থা নেই।
শায়ন্তী ইসলাম ও নজরুল ইসলাম দম্পতি বললেন, ‘কুয়াকাটা সৈকতে নেমে দাঁড়ালেই ফটো শিকারিদের উৎপাতে পড়তে হয়। এ ছাড়া মোটরসাইকেল চালকসহ বখাটেদের কারণেও হেনস্তা হতে হয়।’
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শফিকুর রহমান বলেন, ‘কুয়াকাটার হোটেল-মোটেলগুলো সারা বছরই বলতে গেলে খালি থাকে। বিশেষ দিনগুলোতে পর্যটকের আগমন ঘটে থাকে। সুযোগ বুঝে নিম্নমানের হোটেলের মালিকেরা রুম (কক্ষ) ভাড়া একটু বেশি নিতে পারে। পর্যটকদের স্বার্থ রক্ষায় আমরা অবশ্যই গুরুত্ব দিয়ে বিষয়টি দেখব।’
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের এএসপি মীর ফসিউর রহমান বলেন, ‘কুয়াকাটা সৈকতসহ পার্শ্ববর্তী স্পটগুলোতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। সৈকতে গোসলে নেমে কেউ যাতে বিপদে না পড়ে, সে জন্য ওয়াটার বাইকসহ পুলিশি টহল জোরদার করা হয়েছে।’