শীতের শুরুতেই সমুদ্রসৈকত কুয়াকাটায় পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। বিশেষ করে দুই দিনের সাপ্তাহিক ছুটি ও বড়দিনের ছুটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পর্যটক ছুটছে কুয়াকাটায়। তবে কলাপাড়া-কুয়াকাটা সড়কের বেহাল অবস্থার কারণে দর্শনার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বৃহস্পতিবার বিকেল থেকেই পর্যটকেরা কুয়াকাটায় আসতে শুরু করেছে।এ ছাড়া একই পথে তিনটি ফেরি পারাপার এই ভোগান্তির অন্যতম কারণ। দূরদূরান্ত থেকে পর্যটকেরা এসে কলাপাড়া, হাজীপুর ও মহীপুর ফেরিঘাটে সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়েছে। এমনিতেই প্রচণ্ড কুয়াশা, তার ওপর ফেরির জন্য অপেক্ষা পর্যটকদের আনন্দকে ম্লান করে দিয়েছে।কলাপাড়া ফেরিঘাটে কথা হয় রাজবাড়ী থেকে আসা পর্যটক নিয়াজ জামানের সঙ্গে। তিনি বলেন, ‘বাচ্চাদের পরীক্ষা শেষ। তাই পরিবারের সবাইকে নিয়ে কুয়াকাটায় বেড়াতে এলাম। পথে অনেক কষ্ট হয়েছে। কলাপাড়ায় এসেও ফেরি পার হতে এক ঘণ্টার বেশি সময় অপেক্ষা করছি। মনে হচ্ছে বাড়ি ফিরে যাই।’একই ধরনের পরিস্থিতি লক্ষ করা গেছে হাজীপুর ও মহীপুর ফেরিঘাটেও। এ দুটি পয়েন্টেও পর্যটকদের প্রচণ্ড ভিড়। ফেরি পার হতেও গাড়িগুলো দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছে। আগত দর্শনার্থীর পদভারে মুখরিত ছিল সৈকতের জিরো পয়েন্ট, ইকোপার্ক, লেম্বুর চর, শুঁটকিপল্লি, রাখাইন মহিলা মার্কেটসহ আকর্ষণীয় সব পয়েন্ট।খুলনা শহরের বাসিন্দা দিলরুবা আফরোজ বললেন, ‘আমরা ২৪ জনের একটি দল নিয়ে এসেছি। থাকার জন্য পর্যাপ্ত রুম পাইনি। তার পরও ভালো লাগছে।’খোঁজ নিয়ে জানা গেছে, এক সপ্তাহ আগে থেকেই কুয়াকাটার ৩২টি বেসরকারি হোটেল, গেস্টহাউস এবং আটটি সরকারি গেস্টহাউস ও মোটেলের সব দর্শনার্থী আগাম বুকিং দিয়ে রেখেছে।কুয়াকাটার অভিজাত হোটেল কুয়াকাটা ইনের ফ্রন্ট ডেস্ক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বললেন, ‘আমাদের হোটেলের ২৬টি রুমের সবগুলোই আগামী তিন দিনের জন্য বুকিং হয়ে আছে। রুম খালি না থাকায় অনেককে ফিরিয়ে দিতে হয়েছে।’কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোতালেব শরীফ বলেন, ‘ওই সড়কের পাখিমারা থেকে মহীপুর পর্যন্ত অংশের উন্নয়নকাজ বেশ কিছুদিন ধরে বন্ধ। এ ছাড়া কলাপাড়া থেকে পাখিমারা এবং মহীপুর থেকে কুয়াকাটা পর্যন্ত অংশের উন্নয়নকাজও ধীরগতিতে চলছে। পর্যটকেরা যাতে নির্বিঘ্নে কুয়াকাটায় আসতে পারে, এ জন্য দ্রুত সড়কটির উন্নয়নকাজ শেষ করার দাবি জানাচ্ছি।’পটুয়াখালী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী কমলেন্দু মজুমদার বলেন, ‘পাখিমারা থেকে মহীপুর পর্যন্ত সড়কের কাজ যে ঠিকাদার পেয়েছেন, তাঁকে ইতিমধ্যে শেষ করতে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে। এর পরও তিনি কাজ না করলে তাঁর কার্যাদেশ বাতিল করা হবে। কলাপাড়া থেকে পাখিমারা এবং মহীপুর থেকে কুয়াকাটা পর্যন্ত অংশের উন্নয়নকাজও দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদারকে তাগিদ দেওয়া হয়েছে। আশা করি আগামী জুন মাসের মধ্যে এ কাজ শেষ করা যাবে।’