কুয়াকাটায় পর্যটন এলাকা গড়ার কাজ শুরু
কুয়াকাটাকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সেখানকার লতাচাপলি, গঙ্গামতি, কাউয়ারচর ও চর চাপলি মৌজা নিয়ে মহাপরিকল্পনা প্রণয়নের কাজ শুরু হয়েছে। আর ভূমি মন্ত্রণালয় এই চারটি মৌজার খাসজমি স্থায়ী বন্দোবস্ত দেওয়ার কার্যক্রম বন্ধসহ অবৈধ দখলে থাকা খাসজমি উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জেলা প্রশাসককে চিঠি দিয়েছে। ভূমি মন্ত্রণালয়ের সচিব মোখলেছুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, কুয়াকাটার ওই চারটি মৌজা নিয়ে মহাপরিকল্পনা প্রণয়নের কাজ শুরু হয়েছে। এখানে ভবিষ্যতে বিমানবন্দর, সরকারি হাসপাতাল, রেস্ট হাউস, হোটেল-মোটেল, পার্ক, ফায়ার ব্রিগেডের কার্যালয়সহ অন্যান্য সরকারি অবকাঠামো স্থাপনের প্রয়োজন হবে। তাই এখানে খাসজমি সংরক্ষণ প্রয়োজন।জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ জানান, কুয়াকাটা পর্যটন এলাকার চারটি মৌজার কৃষি খাসজমি বন্দোবস্তের কাগজপত্র যাচাই করে ভুয়া বন্দোবস্ত চিহ্নিত করা এবং বন্দোবস্ত গ্রহীতা শর্ত ভঙ্গ করে থাকলে তা চিহ্নিত করে সরকারি জমি উদ্ধারে অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটি শিগগির কার্যক্রম শুরু করবে।