কুয়াকাটায় প্রার্থীর মনোনয়নপত্র বহাল, কলাপাড়ায় বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভা নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী শেখ মো. মাইনুল ইসলাম মান্নানের প্রার্থিতা গতকাল শুক্রবার আপিল শুনানির পর বহাল করা হয়েছে। ব্যাংক ঋণের জামিনদার হওয়ায় অগ্রণী ব্যাংক কুয়াকাটা শাখার দ্বিতীয় কর্মকর্তা মো. বশির উদ্দিন পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে ৬ ডিসেম্বর এ ব্যাপারে আপিল করেন।
এদিকে একই দিন আপিল শুনানির পর পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী রানী বেগমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে ৯ ডিসেম্বর বশির উদ্দিনের আপিলের শুনানি হয়। এরপর গতকাল জেলা প্রশাসক অমিতাভ সরকার শেখ মো. মাইনুল ইসলাম মান্নানের মনোনয়ন বৈধ বলে আদেশ দেন।
শেখ মো. মাইনুল ইসলাম মান্নান বলেন, ‘আপিলের শুনানির পর মনোনয়ন বৈধ করা হয়েছে। এখন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় আর কোনো বাধা থাকল না। আমি সবার সঙ্গে ভোটযুদ্ধে অবতীর্ণ হতে পারছি।’
কলাপাড়া পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী রানী বেগম তাঁর মনোনয়নপত্রের সঙ্গে সঠিক কর চিহ্নিতকরণ নম্বর (ইটিআইএন) না দেওয়ায় আপিল শুনানির পর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
জেলা প্রশাসক অমিতাভ সরকার গতকাল তাঁর মনোনয়ন বাতিলের আদেশ দেন। ৯ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে এ বিষয়ে আপিল শুনানি হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগ-সমর্থিত সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী এবং পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উম্মে তামিমা বীথি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছিলেন।
ওই অভিযোগে বলা হয়েছে, ৭-৮-৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী রানী বেগম মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে অন্যান্য কাগজপত্রের সঙ্গে যে আয়কর বিবরণী দাখিল করেছেন তা সম্পূর্ণ ভুয়া এবং জালিয়াতি করে তৈরি করা। রানী বেগমের মনোনয়নপত্র বাছাইকালে তাঁর কর চিহ্নিতকরণ নম্বর যাচাই করা হয়নি। উম্মে তামিমা বীথি কাগজপত্র অনুসন্ধান করে রানী বেগমের প্রার্থিতা বাতিল করার আবেদন জানান।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা এ বি এম সিদ্দিক বলেন, ওই আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে রানী বেগমের প্রার্থিতা বাতিল করা হয়।