কুয়াকাটায় মাটি খুঁড়ে ‘ঝাড়াকাঠ’ উত্তোলন, সৈকতের সৌন্দর্যহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সমুদ্রসৈকতের বালু ও মাটি খুঁড়ে ‘ঝাড়াকাঠ’ (মাটির নিচে থাকা গাছের গোড়া) তুলছে একটি সংঘবদ্ধ চক্র। এতে সৈকতের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে। এভাবে গর্ত করার ফলে নয়নাভিরাম সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে। একই কারণে বিশেষজ্ঞরা পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছেন।কুয়াকাটার দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকতের পূর্বদিকে গঙ্গামতির চর এলাকায় রয়েছে বিশাল ঝাউবাগান এবং পশ্চিমে লেম্বুর চর। গাছের গোড়া ও ঝাড়কাঠ তুলতে গিয়ে যেভাবে মাটি খোঁড়াখুঁড়ি করা হচ্ছে তাতে এই সৈকতের সৌন্দর্য নষ্ট হচ্ছে।জানা যায়, কুয়াকাটাসহ পটুয়াখালীর নিম্নাঞ্চলে একসময় সুন্দরবনের বিস্তৃতি ছিল। এখানে ছিল সুন্দরী, কড়াই, কেওড়া, করমচা, বাইনসহ নানা ধরনের গাছ। একসময় মানুষ বসতি গড়ে তোলার জন্য বন থেকে গাছ উজাড় করে। ওই সময় বনের এ বিশাল অংশের কর্তিত গাছের নিম্নাংশ মাটির নিচে চাপা পড়ে যায়। মাটির নিচে পড়ে থাকা এসব গাছ ঝাড়াকাঠে পরিণত হয়।মঙ্গলবার সরেজমিন দেখা যায়, ঝাড়াকাঠ তোলার জন্য একটি সংঘবদ্ধ চক্র কুয়াকাটা সৈকতের গঙ্গামতির চর ও লেম্বুর চর এলাকার সৈকতে বড় বড় গর্তের সৃষ্টি করেছে। খোঁজ নিয়ে জানা যায়, দিনের বেলায় সৈকত খোঁড়াখুঁড়ি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় কাঠ সংগ্রহকারী সংঘবদ্ধ চক্রের সদস্যরা রাতের আঁধারে সৈকতের বিভিন্ন স্থানে সাত-আট ফুট লম্বা লোহার রড মাটির নিচে ঢুকিয়ে দিয়ে নির্দিষ্ট স্থান নির্ধারণ করে এবং ওই স্থান খুঁড়ে তারা কাঠ বের করে। আবার সিডরের আঘাতে ভেঙে পড়া গাছের গোড়া তুলে নিতেও তারা সৈকতের মাটি খুঁড়ছে।লেমু্বর চর এলাকার মোতাহার গাজী জানান, রাতে লোকজন এসে সৈকত খুঁড়ে গাছের গোড়া বের করে নিচ্ছে এবং ঝাড়াকাঠ সংগ্রহ করছে।খোঁজ নিয়ে জানা গেছে, মহিপুর বন্দরের কতিপয় লোক এ ব্যবসার সঙ্গে জড়িত। কুয়াকাটার সৈকত থেকে উত্তোলন করা গাছের গোড়া কম দামে তারা কিনে নিচ্ছে। পরে তা কেটে টুকরা করে ‘লাকড়ি’ বানানো হচ্ছে। এসব লাকড়ি জ্বালানি কাঠ হিসেবে স্থানীয় জনগণের কাছে বেশি দামে বিক্রি করা হয়। স্থানীয় কিছু ব্যবসায়ী কুয়াকাটা থেকে এই চোরাই কাঠ ৪০-৪৫ টাকা মণ দরে কিনে এনে মহিপুর বাজারে ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি করছে।পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মাদ নিজাম উদ্দিন জানান , বালু ও মাটি খুঁড়ে ঝাড়াকাঠ উত্তোলন করায় গর্তের সৃষ্টি হচ্ছে। এতে সৈকতের মাটির দৃঢ়তা কমে যাচ্ছে এবং উত্তোলনের স্থানে মাটিতে অবস্থানরত অণুজীবের সংখ্যা কমে যাচ্ছে। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে।বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা জে এম গোলাম মুর্তজা জানান, তিনি বিষয়টি জেনেছেন। এ ব্যাপারে তিনি শিগগিরই যথাযথ ব্যবস্থা নেবেন। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী বলেন, ‘সৈকতের সৌন্দর্যহানি যাতে না ঘটে সে জন্য ঝাড়াকাঠ তোলার ব্যাপারে আগেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এখন এ কাজটি যারা করছে, তাদের খোঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।