কুয়াকাটায় রাস উৎসব ১৯ নভেম্বর শুরু
১৯ নভেম্বর থেকে পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় রাস উৎসব শুরু হচ্ছে। মেলা চলবে ২১ নভেম্বর পর্যন্ত। ওই দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাগরসৈকত কুয়াকাটায় হিন্দু নর-নারীরা পুণ্যস্নানের পর নানা আচার-অনুষ্ঠানে মেতে উঠবেন। এবারও রাস উৎসবে ব্যাপক লোকসমাগম ঘটবে বলে আয়োজকেরা জানিয়েছেন।রাস উৎসব নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কলাপাড়া উপজেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিয়েছে। গত বুধবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের দরবার হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকত আলীর সভাপতিত্বে সমুদ্রসৈকত কুয়াকাটায় রাসলীলা উৎসব উদ্যাপনের প্রস্তুতি সভা হয়েছে। সভায় উৎসবে যোগ দিতে আসা পুণ্যার্থী ও পর্যটকদের পয়োনিষ্কাশনের জন্য সৈকতের বালুচরে ৩০টি অস্থায়ী শৌচাগার নির্মাণের উদ্যোগসহ সুপেয় পানি পানের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়। জরুরি চিকিৎসাসেবা দেওয়ার জন্য থাকছে একাধিক চিকিৎসা দল। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৫০ জনের একটি রিজার্ভ ফোর্স সব সময় প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কলাপাড়া উপজেলা সদর থেকে ২২ কিলোমিটার দক্ষিণে কুয়াকাটার ১৮ কিলোমিটার দীর্ঘ সৈকত। রাসপূর্ণিমা উপলক্ষে দূর-দূরান্ত থেকে পুণ্যার্থীরা দলে দলে কুয়াকাটায় আসতে শুরু করেছেন।