কুয়াকাটায় রাস উৎসবের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়াকাটা সমুদ্রসৈকতে হিন্দু সম্প্রদায়ের রাস উৎসব ও পুণ্যস্নান অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ হয়েছে। এ উৎসব সামনে রেখে আজ শনিবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষেরা কুয়াকাটায় সমবেত হতে শুরু করেছেন। আগামীকাল রোববার গভীর রাত পর্যন্ত কুয়াকাটার রাধা-গোবিন্দ মন্দিরে পালন করা হবে ধর্মীয় আচার-অনুষ্ঠান। এরপর আগামী সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে রাস উৎসবের সমাপ্তি হবে।

কুয়াকাটায় পুণ্যস্নান শেষ করে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষেরা কলাপাড়া পৌর শহরের মদনমোহন সেবাশ্রমে রাধাকৃষ্ণের ১৭ জোড়া যুগল মূর্তি দর্শন এবং ধর্মীয় আচার পালন করবেন। এ ছাড়া মদন মোহন সেবাশ্রম প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী রাসমেলারও আয়োজন করা হয়েছে। শত বছরের পুরোনো এ মেলায় হস্তশিল্প, মৃত্তিকাশিল্প, কাঠশিল্পের দোকান বসবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কলাপাড়া ও কুয়াকাটার এ উৎসব শান্তিপূর্ণভাবে শেষ করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। রাস উৎসব ও মেলা উদ্‌যাপন কমিটির সঙ্গে ইতিমধ্যে প্রশাসনের সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের অপ্রীতিকর ঘটনার কারণে প্রশাসন আগেভাগেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সাদিকুর রহমান বলেন, হিন্দু সম্প্রদায়ের এ উৎসব নির্বিঘ্নে পালনের সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ ছাড়া সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিরাপত্তাকাজে মোতায়েন থাকবে।