কুয়াকাটায় শেষ হলো মাদক নিরাময়ীদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবেগঘন পরিবেশে মাদক নিরাময়ীদের দুই দিনের মিলনমেলা গতকাল শনিবার বিকেলে শেষ হলো। একেক এলাকার নিরাময়ী তরুণেরা যখন বিদায় নিচ্ছিলেন, তখন সবার চোখ আর্দ্র হয়ে ওঠে। একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন এবং পরস্পরের জন্য শুভকামনা করেন।গতকাল বিকেল চারটার দিকে কুমিল্লা, রাজশাহী, জয়পুরহাট থেকে আসা মাদক নিরাময়ী তরুণেরা একে একে নিজেদের গন্তব্যের উদ্দেশে কুয়াকাটা ত্যাগ করতে শুরু করেন। তাঁদের বিদায় জানান বাংলাদেশ মাদকাসক্তি চিকিৎসা-সহায়তা ও পুনর্বাসনকেন্দ্রের (বারাকা) সমন্বয়কারী বকুল ডি কস্তা ও বরিশালের মাদক নিরাময়কেন্দ্র ‘হলিকেয়ার’-এর পরিচালক মোস্তাফিজুর রহমান। গতকাল সকালে কুয়াকাটা সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ।আগের দিন শুক্রবার সন্ধ্যায় সৈকতে অনুষ্ঠিত হয় নিরাময়ীদের ‘ক্যাম্প ফায়ার’। মাঝখানে আগুন জ্বেলে নিরাময়ীরা সুস্থ থাকার শপথ নেন। রাতে স্থানীয় একটি হোটেলে আলোচনা, ভিডিও প্রদর্শনী হয় এবং রাত দুইটা পর্যন্ত চলে মাদকবিরোধী কনসার্ট। নিরাময়ী তরুণ ধ্রুব, তুহিন ও বারির গানের মূর্ছনায় আনন্দে মেতে ওঠেন উপস্থিত সবাই। মাদকবিরোধী কনসার্টের মূল ভাব ছিল—‘জীবনকে ভালোবাসো’।‘আমরা ভালো আছি, তোমরাও ভালো থাকতে পারো’, ‘মাদককে বর্জন করো, সুস্থ জীবন গড়ে তোলো’ স্লোগান নিয়ে সমুদ্রসৈকত কুয়াকাটায় গত শুক্রবার দুপুরে দীর্ঘ মাদকবিরোধী মানববন্ধনের মধ্য দিয়ে শুরু হয় দুই দিনব্যাপী মাদকবিরোধী মিলনমেলা। দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ৩৫০ জন মাদক নিরাময়ী তরুণ ও যুবক এতে অংশ নেন।বারাকার সমন্বয়কারী বকুল ডি কস্তা প্রথম আলোকে বলেন, এখান থেকে নিরাময়ীরা সুস্থ থাকার অঙ্গীকার করে গেলেন এবং আগামী দিনগুলোতে তাঁরা মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার শপথ নিয়েছেন। এখন থেকে প্রতিবছর এই মিলনমেলার আয়োজন করা হবে।হলিকেয়ারের পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘মাদক ছাড়াও যে সুস্থ, সুন্দর ও আনন্দময় জীবন যাপন করা সম্ভব, তা আমরা প্রমাণ করেছি। মাদকের মতো অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে।’