কুয়াকাটায় সংঘর্ষে চারজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী ক্যাম্প স্থাপন নিয়ে পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভা নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. সাগর মোল্লা এবং ‘বিদ্রোহী’ কাউন্সিলর প্রার্থী মো. বজলু খাঁর সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কুয়াকাটা পৌরসভার মেলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহতরা হলেন আবু হানিফ, আব্বাস খাঁ, রাজা হাওলাদার ও রফিকুল খাঁ। তাঁদের কুয়াকাটার তুলাতলী গ্রামের ২০ শয্যার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, কুয়াকাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রের কাছে বজলু খাঁর পক্ষে চার-পাঁচজন নির্বাচনী ক্যাম্প স্থাপন করতে গেলে সাগর মোল্লার সমর্থক ইসমাইল হোসেন বাধা দেন। এ নিয়ে ইসমাইল হোসেনের সঙ্গে বজলু খাঁর সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
বজলু খাঁ বলেন, সাগর মোল্লার সমর্থকেরা ক্যাম্প স্থাপনে বাধা না দিলে এ ধরনের ঘটনা ঘটত না।
সাগর মোল্লা বলেন, ‘আমার কোনো সমর্থক ক্যাম্প স্থাপনে বাধা দেয় নাই। বজলু খাঁর লোকজন গায়ের জোরে সবকিছু করতে চায়।’
কুয়াকাটা নৌ-পুলিশের উপপরিদর্শক সঞ্জয় মণ্ডল বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই এবং উভয় পক্ষকে নিবৃত্ত করি।’