কুয়াকাটায় সংরক্ষিত বনের ১২৭ একর জমি দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা ইকোপার্ক-সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চল পাহারা ও দেখভালের জন্য নিয়োজিত ‘বনপ্রজারা’ বনের ব্যাপক ক্ষতি করে অবৈধভাবে লাখ লাখ টাকা আয় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বনপ্রজারা বনের ১২৭ একর কৃষি জমি অবৈধভাবে ভোগদখল করছেন। কেউ কেউ বনের গাছ ও জঙ্গল কেটে বাড়িঘর করেছেন। অনেকে জমি দখলে নিয়ে চাষাবাদের জন্য ইজারাও দিয়েছেন। খেয়াল-খুশিমতো ব্যবহারের কারণে এ বন দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে।সরেজমিনে দেখা গেছে, কুয়াকাটা ইকোপার্কের পূর্ব পাশ থেকে শুরু করে গঙ্গামতি পর্যন্ত তিন হাজার ৭৬০ একরের এ বন ১৯৫০ সালে সরকার সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষণা করে। বন বিভাগ সূত্র জানায়, কুয়াকাটা ফরেস্ট ক্যাম্পের অধীনে এ বন রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন একজন হেডম্যানসহ ৩১ জন বনপ্রজা। তবে বন বিভাগ থেকে তাঁদের কোনো বেতন দেওয়া হয় না। বন পাহারা দেওয়ার বিনিময়ে বনের মধ্যে নির্দিষ্ট পরিমাণ (তিন একর) কৃষি জমি এবং ফলদ ও বনজ বৃক্ষ থেকে আয় তাঁরা ভোগ করবেন বলে মৌখিকভাবে এমন নির্দেশ দেওয়া হয়েছিল।বন ঘুরে দেখা গেছে, বনপ্রজারা গাছগাছালি কেটে ঘরবাড়ি তৈরি করে বিশাল এলাকাজুড়ে বাড়ির সীমানা দিয়েছেন। বনের হেডম্যান মতিউর রহমান টিনের একটি বড় দোতলা ঘর তুলেছেন। অভিযোগ রয়েছে, তাঁর ঘর তৈরিতে সব কাঠ তিনি বনের গাছ কেটে সংগ্রহ করেছেন। মতিউরের বাড়ির উত্তর পাশে তাঁর ভাই সুলতান মিয়াও তুলেছেন টিনের চৌচালা ঘর। এ ছাড়া জয়নাল শরীফ, বনপ্রজা লাল মিয়ার ছেলে আবদুল মমিন, সিরাজের ছেলে শাহজাহান এবং ইম্মত আলীর ছেলে খলিল বনে ঘর তুলে পরিবার নিয়ে বসবাস করছেন। বনপ্রজাদের গবাদিপশু বনে অবাধে বিচরণ করায় গাছপালারও ক্ষতি হচ্ছে।সূত্র জানায়, এই বনে প্রায় ২২০ একর কৃষি জমি রয়েছে। ৩১ জন বনপ্রজার প্রত্যেককে চাষাবাদের জন্য তিন একর করে মোট ৯৩ একর জমি দেওয়া হলেও বাকি ১২৭ একর কৃষি জমি ভোগদখল করছেন তাঁরা।স্থানীয় সূত্র জানায়, বনপ্রজাদের হেডম্যান মতিউর রহমান ১৭ একর, বনপ্রজা ইউসুফ চাপরাশির ছেলে বাবুল মিয়া নয় একর, ছবির উদ্দিন ১০ একর, ইউসুফ মাঝি ১২ একর, সুলতান মিয়া পাঁচ একর, বনপ্রজা মৃত সোবহান হাওলাদারের ছেলে রহিম ও সাইফুল নয় একর করে কৃষি জমি ভোগদখল করছেন। এসব জমির কিছু অংশে নিজেরা চাষাবাদ করছেন এবং বাকিটা স্থানীয় লোকজনের কাছে ইজারা দিয়েও লাখ লাখ টাকা আয় করছেন তাঁরা।এ ব্যাপারে হেডম্যান মতিউর রহমান বলেন, ‘বনের মধ্যে জায়গা পইরা রইছে। হেইতে চাষ করি।’ তবে বনের গাছ কাটা এবং বনের জমি ভাড়া দেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘সরকার এ ব্যাপারে পদক্ষেপ নেলে আমাগো কোনো আপত্তি থাকবে না।’সূত্র আরও জানায়, বনপ্রজা আলী আকবর, তাঁর ছেলে শাহ আলম ও হানিফ বর্তমানে যেখানে বাস করছেন, সেখানে অনেক কড়ইগাছ ছিল। গত চৈত্র মাসে সেখানে আগুন লাগিয়ে গাছপালা ও জঙ্গল পুড়িয়ে পরিষ্কার করে সেখানে তাঁরা ঘর তুলেছেন। তাঁরা তাঁদের বাড়ির দক্ষিণ দিকের বন থেকে প্রায়ই গোপনে গাছ কাটেন। সেখানে কাটা গাছের গোড়া পড়ে আছে। এ ব্যাপারে শাহ আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সব মিথ্যা কতা। মোগো এইহান দিয়া সরানের লাইগ্যা কেউ কেউ এই সব কথা কইতাছে।’ হানিফ বলেন, ‘দুই-একটা ডালপালা কাডলে কী অয়। ফরেস্টারগো জানাইয়াই তো কাটছি।’কুয়াকাটা ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম জানান, তাঁরা বনের কোনো ক্ষতি হতে দিচ্ছেন না। তিনি আরও জানান, ইকোপার্ক থেকে বনপ্রজা আলী আকবরকে অন্যত্র সরে যেতে বলা হলে তিনি বনের জঙ্গলের পাশে আগাছা ও ঝোপঝাড় পুড়িয়ে পরিষ্কার করে সেখানে বাড়ি তৈরি করেছেন। কোনো গাছ পোড়ানো হয়নি বলেও তিনি দাবি করেন।পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ রায় জানান, তৎকালীন সময় বন বিভাগকে সহায়তা করার জন্য বনপ্রজাদের দায়িত্ব দেওয়া হয়েছিল। বনের দেখভাল করার বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ জমি তাঁরা ভোগদখল করবেন। তবে বনপ্রজারা বনের বিপুল পরিমাণ জমি অবৈধভাবে ভোগদখল করছেন বলে স্বীকার করে তিনি বলেন, এসব জমি উদ্ধারে আইনগত প্রক্রিয়া চলছে।