কুয়াকাটায় হবে মেগা বিচ কার্নিভ্যাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রসৈকত কুয়াকাটাকে পর্যটকদের কাছে আকৃষ্ট করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বর্ণিল সাজে সাজানো হচ্ছে পর্যটন কেন্দ্রটিকে। ১৪ থেকে ১৬ জানুয়ারি প্রথমবারের মতো এখানে হতে যাচ্ছে বিচ কার্নিভ্যাল।

গতকাল সোমবার দুপুর ১২টায় বরিশাল নগরের প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক যুগ্ম সচিব নিখিল চন্দ্র রায়। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ওই কার্নিভ্যালের আয়োজন করছে।

সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজমানারা খানুম বলেন, ‘পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা ও আশপাশের সৌন্দর্যের দিকে পর্যটকদের আকৃষ্ট করতে হবে। এ জন্য আমরা যোগাযোগব্যবস্থা, থাকা-খাওয়াসহ সব ব্যবস্থা উন্নত করার উদ্যোগ নিয়েছি, যাতে পর্যটকেরা এখানে একবার এলে বারবার আসতে চান। সেই পরিবেশ গড়ে তুলতে সরকারও উদ্যোগ নিয়েছে। স্থানীয়ভাবে প্রশাসনও সহযোগী হিসেবে কাজ করছে।’

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, পর্যটকের আগমনকে কেন্দ্র করে কুয়াকাটার হোটেল-মোটেলসহ ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতেও চলছে ব্যাপক প্রস্তুতি। বিচ কার্নিভ্যালের অন্যতম উদ্দেশ্য হলো কুয়াকাটা সৈকতের সঙ্গে আশপাশের দর্শনীয় স্থানগুলোর সংযোগ স্থাপন, যাতে দেশি-বিদেশি পর্যটকেরা কুয়াকাটার প্রতি আরও আকৃষ্ট হন। কার্নিভ্যাল সফল করতে ঢাকা ও ঢাকার বাইরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।