কুয়াকাটায় ৬ ভারতীয় জেলে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আজ সকালে ছয়জন ভারতীয় জেলেকে উদ্ধার করেছে পুলিশ। ছবি: ফোকাস বাংলা
কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আজ সকালে ছয়জন ভারতীয় জেলেকে উদ্ধার করেছে পুলিশ। ছবি: ফোকাস বাংলা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ছয়জন ভারতীয় জেলেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে কুয়াকাটা নৌ-পুলিশ একটি ফাইবার বোটসহ তাঁদের উদ্ধার করে।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন নেন্দিস (২৮), মিসেন (৩৭), আন্ডুরাজ (২০), আম্বুরিয়া (৫২), জোগরাজ (৬০) ও রমেশ (১৭)। তাঁদের কুয়াকাটার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রমেশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।কুয়াকাটা নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) সঞ্জয় মণ্ডল জানান, কুয়াকাটার জাতীয় উদ্যানসংলগ্ন সৈকতের বালুচরে ছয়জন ভারতীয় জেলে অসুস্থ অবস্থায় পড়ে আছে এমন খবর পান তাঁরা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করা হয়। তিনি আরও জানান, উদ্ধার ব্যক্তিদের শারীরিক অবস্থা খুবই দুর্বল ছিল। তাঁরা কিছুই বলতে পারছিলেন না। পরে তাঁদের কুয়াকাটার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সঞ্জয় মণ্ডল বলেন, ‘উদ্ধার ব্যক্তিদের ভাষা বোঝা যাচ্ছিল না। আকারে ইঙ্গিতে আমরা বুঝতে পারি তাঁরা বঙ্গোপসাগরে মাছ ধরছিলেন। তাঁদের ফাইবার বোটটির তেল শেষ হয়ে যাওয়ায় তাঁরা সাগরে ভাসছিলেন। বাংলাদেশের একটি মাছ ধরা ট্রলার তাঁদের কুয়াকাটা সৈকতে নিয়ে আসে। তাঁদের কাছে ভারতের অন্ধ্র প্রদেশের মৎস্য বিভাগের ইংরেজিতে লেখা একটি সনদপত্র পাওয়া গেছে।’

কুয়াকাটার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, উদ্ধার ব্যক্তিরা সমুদ্রের মধ্যে বৃষ্টিতে ভিজে ও ক্ষুধায় দুর্বল হয়ে পড়েন। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। রমেশ নামের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের কলাপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।