কুয়ার বিষাক্ত গ্যাসে বাবা ও দুই ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুরে কুয়ায় নেমে বাবা ও তাঁর দুই ছেলের মৃত্যু হয়েছে।গত রোববার উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের কুনকুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, কুয়ার বিষাক্ত গ্যাসে তাঁদের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আর্সেনিক ও আয়রনমুক্ত পানি সরবরাহের জন্য এক সপ্তাহ আগে ওই গ্রামের আব্বাস আলী ফকিরের বাড়িতে ৩০ ফুট গভীর একটি কুয়া খনন করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। খননের পর কুয়াটি ঢেকে রাখা হয় এবং কুয়ার পাশে নলকূপ স্থাপন না করা পর্যন্ত কাউকে কুয়ার ঢাকনা না খোলার জন্য বলা হয়।রোববার বেলা ১১টার দিকে কৌতূহলবশত আব্বাসের বড় ছেলে মজনু ফকির ঢাকনা সরিয়ে রিং বেয়ে ওই কুয়ার মধ্যে নামেন। কুয়ার মধ্যে হাবুডুবু খাওয়ার শব্দ পেয়ে উদ্ধারের জন্য রিং বেয়ে নিচে নামেন তাঁর বাবা আব্বাস। এরপর বাবা ও ভাইয়ের কোনো সাড়াশব্দ না পেয়ে ছোট ছেলে মিন্টু ফকিরও কুয়ার মধ্যে নামেন। তারপর প্রতিবেশীরা এগিয়ে এসে নৌকায় ব্যবহূত অ্যাঙ্কর (ত্রিফলা) দিয়ে কুয়ার ভেতর থেকে অচেতন অবস্থায় মিন্টুকে উদ্ধার করে। কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে কাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কুয়ার মধ্যে পানি ঢেলে ভাসিয়ে মজনু ও আব্বাসকে উদ্ধার করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। উদ্ধারকাজে অংশ নেওয়া কাজীপুর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, ‘কুয়ার মধ্যে বিষাক্ত গ্যাস সৃষ্টি হয়েছিল। উদ্ধারের জন্য প্রথমে আমরা কুয়ার মধ্যে নামার চেষ্টা করি। কিন্তু বিষাক্ত গ্যাসের কারণে আমরা ফিরে আসতে বাধ্য হই।’ বিষাক্ত গ্যাসের কারণেই তাঁদের মৃত্যু হয়েছে বলে তিনি জানান। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, কুয়াটি ঢেকে রাখায় হয়তো বিষাক্ত কোনো গ্যাসের সৃষ্টি হয়েছিল। এ কারণেই তাঁদের মৃত্যু হয়েছে। প্রশাসনের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাঁদের আত্মীয়স্বজনের কাছে দেওয়া হয়েছে।