কুয়ালালামপুরে বাংলাদেশি যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গতকাল শনিবার সকালে এক বাংলাদেশি যুবক (২৩) নিহত হয়েছেন। পুলিশের ধারণা, তিনি ডাকাতদের হাতে খুন হন। গতকাল সকালে রাজধানীর জালান কুচাই মুজি এলাকার চারতলার একটি কক্ষ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মালয় মেডিকেল সেন্টার বিশ্ববিদ্যালয় মর্গে লাশ পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম জানা যায়নি।ব্রিকফিল্ডস পুলিশের উপপ্রধান আবদুল হামিদ গণমাধ্যমের কর্মীদের জানান, ওই যুবক বেকার ছিলেন। ঘটনার সময় তিনি কক্ষে একা ছিলেন। খুন হওয়ার আগে তিনি ওই কক্ষের অন্য বাসিন্দাদের ফোন করে জানিয়েছিলেন, এক দল লোক তাঁর কক্ষের দরজায় কড়া নাড়ছে। জরুরি ফোন পেয়ে কক্ষের অন্য বাসিন্দারা সকাল ১০টার দিকে ওই কক্ষে গিয়ে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। তাঁর ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া একই তলার দুটি কক্ষে লুটতরাজের আলামত পাওয়া গেছে। ঘটনার তদন্ত চলছে। সূত্র: বারনামা অনলাইন।