কয়েক দিন পর গতকাল বুধবার ভোররাত থেকে কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে প্রায় পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।বিআইডব্লিউটিসি দৌলতদিয়ার রেডিও টেলিফোন অপারেটর (আরটিও) মাহমুদ হোসেন জানান, বুধবার ভোর থেকেই নদী অববাহিকায় কুয়াশা পড়তে থাকলে ফেরি চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। ভোর সোয়া পাঁচটার দিকে আমানত শাহ ফেরি ১০টি বাস, দুটি ট্রাক ও তিনটি ছোট গাড়ি নিয়ে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রায় ১৫ মিনিট পর মাঝনদীতে ঘন কুয়াশার কবলে পড়ে। এ সময় ফেরিটি সেখানেই নোঙর করতে বাধ্য হয়। এ সংবাদ পাওয়ার পর দৌলতদিয়া প্রান্তে শাহ আলী, খানজাহান আলী ও কেরামত আলী নামক ফেরিগুলো পাটুরিয়ার উদ্দেশে ছাড়ার প্রস্তুতি নিলেও আর ছেড়ে যায়নি। এ ছাড়া একই সময় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, মতিউর রহমান, জাহাঙ্গীর ও কুমারী নামক আরও চারটি খালি ফেরি দৌলতদিয়াঘাটে নোঙর করে থাকে।বুধবার সকালে ঘাটে সরেজমিনে দেখা গেছে, ফেরি চলাচল বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা দূরপাল্লার যাত্রীবাহী দেড় শতাধিক বাস, শতাধিক পণ্যবাহী ট্রাকসহ ছোট ছোট গাড়ি আটকা পড়ে। বিআইডব্লিউটিসির পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ খান বলেন, হঠাৎ কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে গেলে পাটুরিয়া প্রান্তে যানবাহন নিয়ে অপেক্ষমাণ শাহ জালাল ও শাহ পরান নামক ফেরি দুটি নোঙর করে থাকে। এ সময় নদী পাড়ি দিতে না পেরে শতাধিক গাড়ি ঢাকা-আরিচা মহাসড়কে আটকা পড়ে। সকাল সোয়া নয়টার দিকে পাটুরিয়া প্রান্ত থেকে ফেরিগুলো দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যায়।