কুয়াশা আর দুর্ঘটনায় স্থবির ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুয়াশা আর দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের। এতে করে দুর্ভোগে পড়েন যাত্রীরা। ছবিটি শুক্রবার দুপুর ১২টার দিকে মির্জাপুর উপজেলার আছিমতলা থেকে তোলা। ছবি: প্রথম আলো
কুয়াশা আর দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের। এতে করে দুর্ভোগে পড়েন যাত্রীরা। ছবিটি শুক্রবার দুপুর ১২টার দিকে মির্জাপুর উপজেলার আছিমতলা থেকে তোলা। ছবি: প্রথম আলো

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ শুক্রবার ভোর থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত থেকেই যানবাহনের গতি ধীর হয়ে যায়। সেই সঙ্গে শুক্রবার সকালে মির্জাপুরে একটি বাস দুর্ঘটনায় পড়লে মহাসড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

যানজটের কারণে মহাসড়কে চলাচলকারী শত শত যানবাহনের যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুপুর পর্যন্ত মহাসড়কে মির্জাপুর উপজেলার গোড়াই ক্যাডেট কলেজ থেকে নাটিয়াপাড়া পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট চলছিল। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মহাসড়কে যানবাহন চলাচল হঠাৎ বৃদ্ধি পায়। কিন্তু গভীর রাত থেকে ঘন কুয়াশার কারণে যানবাহনের গতি কমে যায়। এ কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

মহাসড়কে মির্জাপুর উপজেলার আছিমতলা এলাকায় শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকাগামী ইউএস ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১৫ জন আহত হন। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতাউর রহমান জানান, দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দুর্ঘটনার কারণে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া মহাসড়কের বিভিন্ন স্থানে কয়েকটি ট্রাক বিকল হওয়ায় যানবাহন চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। এতে সকালে গোড়াই থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী পিকআপ ভ্যানে থাকা মাছ ব্যবসায়ী রহিম তালুকদার ও আলম মিয়া জানান, সকাল সাতটার দিকে তাঁরা ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর ওপর যানজটে পড়েন। এ সময় তাঁরা এক ঘণ্টার রাস্তা প্রায় চার ঘণ্টায় পাড়ি দিয়ে বেলা ১১টায় মির্জাপুর পৌঁছান। যানজট নিরসনের জন্য পুলিশ বিকল হওয়া ট্রাক রাস্তার ওপর থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল শুরু হয়।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোতালেব হোসেন জানান, ঘন কুয়াশার কারণে যানবাহনের গতি কিছুটা কম রয়েছে। পুলিশ যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।