কুয়াশা আর শঙ্কায় মোড়া বগুড়া
সকালে বেশ কুয়াশা পড়ছে উত্তরের জনপদ বগুড়ায়। সেই কুয়াশার পর্দা ভালো করে ওঠার আগেই আজ রোববার সকাল থেকে জেলার দুটি আসনে শুরু হবে ভোটের ‘প্রতিযোগিতা’। কিন্তু ভোটের আগের দিন গতকাল শনিবার বিকেল পর্যন্ত দেখা গেছে, বহু সাধারণ ভোটার প্রার্থীদের নামই জানেন না। কার দল কী, কে কোন প্রতীকে লড়ছেন, সেই তথ্য তো ঘনঘোর কুয়াশায় ঘেরা।
বগুড়ার মোট সাতটি নির্বাচনী আসনের মধ্যে পাঁচটিতে এরই মধ্যে ভোটবিহীন নির্বাচন হয়ে গেছে। ‘আনুষ্ঠানিকতা’ বাকি কেবল বগুড়া-৪ ও বগুড়া-৭ আসনে। কাহালু ও নন্দীগ্রাম—এই দুই উপজেলার সমন্বয়ে বগুড়া-৪ এবং শাজাহানপুর ও গাবতলী উপজেলার সমন্বয়ে বগুড়া-৭ আসন গঠিত। এই দুই আসনে প্রার্থী মোট চারজন। বগুড়া-৪ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) এ কে এম রেজাউল করিমের (মশাল প্রতীক) সঙ্গে লড়ছেন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির নুরুল আমিন (লাঙ্গল)। আর বগুড়া-৭ আসনে এরশাদের জাতীয় পার্টির প্রার্থী আলতাব আলীর হোসেনের (লাঙ্গল) সঙ্গে লড়ছেন আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জেপির প্রার্থী এ টি এম আমিনুল ইসলাম (বাইসাইকেল)।
বগুড়া-৭ বিএনপির দুর্গ বলে পরিচিত। আর একের পর এক সহিংসতা ঘটিয়ে নন্দীগ্রাম, শাজাহানপুর, কাহালুসহ বগুড়া অঞ্চলে ভয়ার্ত পরিবেশ তৈরি করে রেখেছে জামায়াতে ইসলামী। ‘একতরফা’ নির্বাচনের আগের দিন সেই ভয়ের ছায়া আরও গাঢ় হয়েছে।
অবরোধ-হরতালের কারণে গতকাল দিনদুপুরেও মহাসড়ক ছিল প্রায় যানশূন্য। প্রিসাইডিং কর্মকর্তা ও নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর সদস্যসহ কেন্দ্রে যাওয়া কর্মকর্তাদের বেশির ভাগের চোখেমুখেই ছিল অজানা শঙ্কার ছাপ।
গতকাল দুপুরে ভোটারদের সঙ্গে কথা বলতে বগুড়া-৭ আসনভুক্ত শাজাহানপুর উপজেলার সাজাপুর মসজিদপাড়ায় যান এই দুই প্রতিবেদক। মোটরসাইকেলের শব্দেই আশপাশের লোকজন ভয়ে ঘরের ভেতর চলে যান। পরে পরিচয় দিয়ে বাড়ির উঠানে কথা হয় এক দম্পতির (নাম প্রকাশ করা হলো না) সঙ্গে। তাঁরা জানালেন, নির্বাচনে কারা প্রার্থী, কার কী প্রতীক—কিছুই জানেন না। গতকাল পর্যন্ত কোনো প্রার্থী বা প্রার্থীর লোকজন ভোট চাইতেও আসেননি। এই বাড়ির ওই গৃহবধূ এবারই প্রথম ভোটার হয়েছেন। তাও তাঁর ভোট নিয়ে উৎসাহ নেই। ভোট দিতে যাবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলা গ্যাঞ্জামের মধ্যে ভোট দিবার যাঁয়্যা করমু কী? যদি বোমা পড়ে, তখন হামাক কে বাঁচাপি?’
সিমলা গ্রামের কৃষক আবদুস সালাম বললেন, ‘নৌকা নাই, ধানের শীষ নাই। ইংকা আজব ভোট হামি জীবনে দেখি নাই।’
শুক্রবার দিবাগত রাতে ছয়টি ভোটকেন্দ্রে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে বড় ধরনের কোনো ক্ষতি না হলেও ভোট গ্রহণের সঙ্গে যুক্ত কর্মকর্তারা আতঙ্কে আছেন। আড়িয়া রহিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আবদুল লতিফ বলেন, ‘সব দল অংশ নিলে আনন্দ-উৎসবের মধ্যে এই দায়িত্ব পালন করতে পারতাম। কিন্তু এখন উল্টো পরিস্থিতি।’