আবারও ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে বৃহস্পতিবার মধ্যরাত থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত সাড়ে নয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝ নদীতে তিনটি, পাটুরিয়ায় পাঁচটি ও দৌলতদিয়া ঘাটে একটি ফেরি নোঙর করে থাকতে বাধ্য হয়। ফলে দুই ঘাটেই দীর্ঘ যানজট সৃষ্টি হয়।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ও ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া ফেরি কেরামত আলী ও শাহ জালাল এবং পাটুরিয়া থেকে ছেড়ে আসা বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিটি মাঝ নদীতে কুয়াশার কবলে পড়ে নোঙর করে থাকতে বাধ্য হয়। অপরদিকে আমানত শাহ, খানজাহান আলী, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, শাহ পরান ও কুমারী এই পাঁচটি ফেরি ঘাটেই নোঙর করে থাকে। এ ছাড়া দৌলতদিয়া প্রান্তে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও শাহ আলী ফেরি দুটি নোঙর করে থাকে। ফেরি চলাচল বন্ধ থাকায় বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণাঞ্চলমুখী প্রায় ৩০০ যানবাহন পাটুরিয়ার ঢাকা-আরিচা মহাসড়কে এবং দৌলতদিয়া প্রান্তে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের প্রায় ৪০০ যানবাহন আটকে থাকে। বিআইডব্লিউটিসির পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আশরাফ উল্লাহ খান জানান, কুয়াশার কারণে বৃহস্পতিবার দিনগত মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত প্রায় সাড়ে নয় ঘণ্টা ফেরি বন্ধ ছিল। এতে পাটুরিয়া প্রান্তে এখনো প্রায় ৩০০ যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে আছে। দৌলতদিয়া ঘাটে কর্মরত টার্মিনাল তত্ত্বাবধায়ক শরিফুল ইসলাম জানান, কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকায় এখনো চার শতাধিক গাড়ি আটকে আছে। কুয়াশার কারণে রাতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাটে যানজট পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগছে।