কুয়াশার মধ্যে পড়ে ছয় ট্রাকের সংঘর্ষ, একজন নিহত
ঘন কুয়াশার মধ্যে পড়ে পরপর ছয়টি ট্রাক ধাক্কা খেল পরস্পরের সঙ্গে। টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সড়কে গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন একটি ট্রাকের চালকের সহকারী। এ ঘটনার পর সড়কের এক পাশে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছাবুর রহমান জানান, সকাল সাড়ে ছয়টার দিকে সেতুর পূর্ব প্রান্তের মুখে ঢাকাগামী লেনে ধীরগতির একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় আরেকটি ট্রাক। এতে দুটি ট্রাকই থেমে যায়। ঘন কুয়াশার কারণে বিষয়টি নজরে না আসায় এরপর একে একে আরও চারটি ট্রাক এসে থেমে থাকা দুটি ট্রাককে ধাক্কা দেয়।
ওসি আছাবুর রহমান বলেন, ওই ঘটনায় একটি ট্রাকের চালকের পাশে বসে থাকা তাঁর সহকারী শফিক (৩০) নিহত হন। তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আবুল কালামের ছেলে। দুর্ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাঁদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার ফলে ঢাকামুখী লেন দিয়ে সকাল সাড়ে নয়টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।