কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি আটকা, দুই পারে কয়েক শ গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সোমবার ভোরে চৈত্রের কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ ছিল। ভোর সাড়ে পাঁচটা থেকে পৌনে সাতটা পর্যন্ত সোয়া এক ঘণ্টার বেশি নৌযান বন্ধ থাকায় উভয় ঘাটে আটকা পড়ে কয়েক শ গাড়ি। এখনো দুই পাশে এ অবস্থা আছে। এতে দুর্ভোগে পড়েছে শত শত যাত্রী। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, চৈত্রের মাঝামাঝি সময়ে হঠাৎ ঘন কুয়াশা পড়তে থাকায় গতকাল ভোররাত থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরিসহ নৌযান চলাচল ব্যাহত হয়। কুয়াশার মাত্রা বাড়তে থাকলে ভোর সাড়ে পাঁচটা থেকে এই নৌপথে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া রোরো (বড়) ফেরি শাহ আলী, ইউটিলিটি ফেরি হাসনা হেনা ও শাপলা শালুক মাঝনদীতে আটকা পড়ে। এ সময় ফেরিগুলোতে ১২টি যাত্রীবাহী নৈশ কোচ, ১০টি পণ্যবাহী ট্রাক ও ১০টির মতো ব্যক্তিগত গাড়ি ছিল। আটকা পড়ে পাঁচ শতাধিক যাত্রী ও চালক। নদীতে ফেরি আটকে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় উভয় ঘাট থেকে আর কোনো ফেরি ছাড়েনি। এ সময় দৌলতদিয়া প্রান্তে ছোট-বড় আটটি ও পাটুরিয়া প্রান্তে আরও তিনটি ফেরি নোঙর করা ছিল। সকাল পৌনে সাতটার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি ছাড়তে শুরু করে। কুয়াশায় নৌপথ বন্ধ ও নৌযান পারাপার ব্যাহত হওয়ায় উভয় ঘাটে আটকা পড়ে কয়েক শ গাড়ি।
আজ সকালে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) পর্যন্ত প্রায় তিন কিলোমিটার লম্বা যানবাহনের সারি পড়ে আছে। ফেরিঘাট থেকে ক্যানালঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার লম্বা দুই সারি ও এরপর থেকে আরও প্রায় এক কিলোমিটার লম্বা এক সারিতে গাড়ির লম্বা লাইন থাকতে দেখা যায়। রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের বাসিন্দা আবদুল লতিফ চাকরির সুবাদে থাকেন গাজীপুর চৌরাস্তা এলাকায়। গতকাল সকালে পরিবার ও বাসার গৃহসামগ্রী নিয়ে ট্রাকে রওনা করেন কর্মস্থলের উদ্দেশে। তিনি বলেন, ‘গাড়ির লম্বা লাইনে প্রায় দুই ঘণ্টা আটকে আছি।’ ক্লান্ত শরীরে শিশুসন্তান ও নিজেই ঘুমিয়ে পড়েন ট্রাকের ওপর। তাঁদের মতো পণ্যবাহী গাড়িচালক ও বাসযাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে ক্লান্ত হয়ে পড়তে দেখা যায়।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনো দুই পাশে কয়েক শ গাড়ি ফেরির জন্য অপেক্ষা করছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, এই চৈত্র মাসে হঠাৎ ঘন কুয়াশা পড়ায় ভোরে সোয়া এক ঘণ্টার মতো ফেরি বন্ধ ছিল।