কুয়াশায় নৌযান চলাচল ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে গতকাল শুক্রবার সকালে শরীয়তপুর ও মাদারীপুরের তিনটি ঘাট থেকে ফেরি ও লঞ্চ চলাচল কয়েক ঘণ্টা বন্ধ ছিল। একই কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথেও ফেরি চলাচল তিন ঘণ্টা বন্ধ ছিল। এ সময় মাঝনদীতে তিনটি ফেরি আটকা পড়ে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ও ঘাট সূত্রে জানা যায়, পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটা থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া-মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কমতে থাকলে সকাল নয়টার দিকে নৌযান চলাচল শুরু করে। এ পথে ১৮টি ফেরি, ৮৬টি লঞ্চ ও ২ শতাধিক স্পিডবোট চলাচল করে।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ৪টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌপথের তিনটি ফেরি চলাচল বন্ধ করা হয়। বেলা ১১টার দিকে ফেরি চলাচল শুরু হয়। পাঁচ ঘণ্টা বন্ধ থাকায় ঘাট দুটিতে যানজটের সৃষ্টি হয়।

ঝিনাইদহ থেকে চট্টগ্রামগামী ট্রাকের চালক দিদারুল সরদার বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় শরীয়তপুর-চাঁদপুর নৌপথের আলুরবাজার ফেরিঘাটে আসি। ঘাটে অপেক্ষা করছিলাম। বেলা একটা পর্যন্ত ফেরিতে উঠতে পারিনি।’

গতকাল সকাল ৬টা থেকে জাজিরার মঙ্গলমাঝির ঘাট থেকে শিমুলিয়া নৌপথের লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। বেলা ১১টার দিকে তা চালু করা হয়।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথের ব্যবস্থাপক (বাণিজ্য) আবদুল আলীম বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে কয়েক ঘণ্টা নৌচলাচল বন্ধ রাখতে হয়েছে।

অন্যদিকে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় থেকে জানা গেছে, ঘন কুয়াশার কারণে গত বৃহস্পতিবার রাত থেকে নৌযান চলাচল ব্যাহত হচ্ছিল। গতকাল ভোর ছয়টার দিকে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া ভাষাশহীদ বরকত, শাহজালাল ও কাবেরী মাঝনদীতে নোঙর করে ছিল। ফেরিগুলোতে সাত শতাধিক যাত্রী ছিলেন।

সকাল নয়টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। গতকাল দুপুরে ফেরিঘাট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ক্যানাল ঘাট পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। এর মধ্যে অধিকাংশ পণ্যবাহী গাড়ি। যশোর থেকে গাজীপুর যাচ্ছিলেন ট্রাকচালক আয়নাল হক। তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর ঘাটে এসে লম্বা লাইনে আটকা পড়েন। প্রায় ১৪ ঘণ্টা ধরে বসে আছেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় দুটি ঘাটে অনেক গাড়ি আটকা পড়ছে। তার ওপর ছয় দিন ধরে ৪ নম্বর ঘাটটি বন্ধ রয়েছে।