কুয়াশায় নৌযান চলাচল ব্যাহত
দিন ও রাতের অধিকাংশ সময় আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় দক্ষিণাঞ্চলের তিনটি নৌপথে ফেরিসহ বিভিন্ন নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। কুয়াশার কারণে প্রতিদিন ১০-১২ ঘণ্টা নৌযান চলাচল বন্ধ রাখতে হচ্ছে। এ কারণে ফেরিঘাটগুলোতে দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ায় যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, কুয়াশা থাকায় গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে শুক্রবার বেলা ১১টা পর্যন্ত শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকে। গত রাতে এই পথে কেতকী নামে একটি ফেরি আটটি গাড়ি নিয়ে মেঘনার মাঝনদীতে আটকা পড়ে। কুয়াশা কমতে থাকলে বেলা ১১টার দিকে ফেরিটি ঘাটে আসে। এ ছাড়া কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল এবং মঙ্গলমাঝির ঘাট-শিমুলিয়া নৌপথে লঞ্চ চলাচল সকাল ১০টা পর্যন্ত বন্ধ থাকে।
স্থানীয় সূত্র জানায়, ঢাকার সদরঘাট, নারায়ণগঞ্জ, চাঁদপুর, শরীয়তপুরসহ পাঁচটি উপজেলার ১৫টি এলাকার মধ্যে নৌপথে ২৫টি লঞ্চ চলাচল করে। এ ছাড়া শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ৩টি ফেরি, কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে দুটি ফেরি এবং মঙ্গলমাঝির ঘাট-শিমুলিয়া নৌপথে ২৫টি লঞ্চ চলাচল করে।
নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, ‘ঢাকা থেকে লঞ্চে মালামাল আনা-নেওয়া করি। কুয়াশার কারণে রাতের লঞ্চ পৌঁছাতে সময় বেশি লাগছে। গত নভেম্বর থেকে প্রতিদিনই এ সমস্যা হচ্ছে। পদ্মা-মেঘনার চরে লঞ্চ আটকে ঘণ্টার পর ঘণ্টা নদীতে বসে থাকতে হয়। এ কারণে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।’
শরীয়তপুর-চাঁদপুর নৌপথের ফেরির মাস্টার (চালক) আশ্রাফ আলী বলেন, কুয়াশার কারণে ফেরি চালাতে অনেক সমস্যা হচ্ছে। কুয়াশা থাকলে দুর্ঘটনা থেকে রক্ষা পেতে মাঝনদীতে ফেরি থামিয়ে রাখতে হয়। নভেম্বরের মাঝামাঝি থেকে এ সমস্যা তৈরি হয়েছে।
মঙ্গলমাঝির ঘাটের লঞ্চ মালিক সমিতির ব্যবস্থাপক মোকলেছ মাদবর বলেন, মঙ্গলমাঝির ঘাটের সঙ্গে শিমুলিয়া নৌপথে সকাল থেকে রাত আটটা পর্যন্ত লঞ্চ চলাচল করে। কুয়াশার কারণে বিকেল পাঁচটার পর নদীতে লঞ্চ চালানো যাচ্ছে না। প্রতিদিন বেলা ১১টা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ রাখতে হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) শরীয়তপুর-চাঁদপুর নৌপথের হরিনা ও আলুর বাজার ঘাটের ব্যবস্থাপক এস এম ইমরান আহম্মেদ বলেন, কুয়াশার মধ্যে নদীতে কিছু দেখা যায় না। দুর্ঘটনা এড়াতে কুয়াশা থাকা অবস্থায় নদীতে নৌযান চলাচল করতে দিই না। কুয়াশার কারণে প্রতিদিন ১০-১২ ঘণ্টা নৌযান চলাচলে বিঘ্নœ ঘটছে। এর ফলে ঘাটে গাড়ির চাপ বাড়ছে।
গত বৃহস্পতিবার কুমিল্লা থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ব্যক্তিগত গাড়িতে মাদারীপুর শহরে যাচ্ছিলেন শাহরিয়ার। সেখানে যেতে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় শরীয়তপুর-চাঁদপুর নৌপথের একটি ফেরিতে চরেন। তিনি শরীয়তপুরের ফেরিঘাটে পৌঁছান শুক্রবার দুপুর ১২টায়। পরিবারের কয়েকজন সদস্যও তাঁর সফরসঙ্গী হয়েছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার রাতের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সকালে রওনা হয়েছিলাম। কুয়াশার কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারলাম না।’