মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে কুয়াশার কারণে গতকাল সোমবার আড়াই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ কারণে যানজটে পড়ে ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল ভোরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পদ্মা নদীর অববাহিকায় হঠাৎ কুয়াশা পড়তে শুরু করে। সকাল সাড়ে ছয়টায় কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে এ নৌপথে ফেরিসহ সব নৌযান বন্ধ রাখা হয়। এর আগে যানবাহন ও যাত্রী নিয়ে কাবেরী ও কুমারী নামে দুটি ফেরি নদীর মাঝখানে আটকা পড়ে। এ সময় পাটুরিয়া প্রান্তে সাতটি ও দৌলতদিয়া প্রান্তে ছয়টি ফেরি যানবাহন ও যাত্রী নিয়ে নোঙর করে থাকে। পারাপার বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। আড়াই ঘণ্টা পারাপার বন্ধ থাকার পর সকাল নয়টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এ সময় মাঝনদীতে আটকা পড়া ফেরি দুটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।
এদিকে গতকাল ফরিদপুরের সদরপুরের বিশ্ব জাকের মঞ্জিলে ওরসের উদ্দেশে রওনা হওয়া মুসল্লিদের বহনকারী যানবাহনের চাপ পড়ে পাটুরিয়া ঘাটে। এতে যানজট ঘাট এলাকা ছাড়িয়ে পাটুরিয়া-উথলী সংযোগ সড়কের আড়পাড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কে পর্যন্ত বিস্তৃতি লাভ করে। যানজটে আটকা পড়া যাত্রী ও যানবাহনের শ্রমিকদের ভোগান্তিতে পড়তে হয়।
সূত্র আরও জানায়, মাধবীলতা নামে একটি ফেরি আট মাস ধরে বিকল হয়ে পাটুরিয়া ভাসমান কারখানায় আছে। বর্তমানে এ নৌপথে ছোট-বড় ১৫টি ফেরি যানবাহন পারাপার করছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী উপব্যবস্থাপক (এজিএম) জিল্লুর রহমান বলেন, একে তো যানবাহনের চাপ বেশি, তার ওপর ব্যস্ততম এ নৌপথে আড়াই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ। এ কারণে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অবশ্য দুপুরের পর যানবাহনের চাপ কমে আসে।