কুয়াশায় বন্দরে ভেড়ানো যায়নি চারটি জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে চট্টগ্রাম বন্দর জেটিতে ভেড়ানো যাচ্ছে না কনটেইনারবাহী বড় জাহাজ। গতকাল শনিবার ভোরে কুয়াশায় চারটি জাহাজ বহির্নোঙর থেকে জেটিতে ভেড়ানো যায়নি। আজ রোববার সকালে এসব জাহাজ জেটিতে ভেড়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

বন্দর সূত্র জানায়, গতকাল সকাল নয়টায় জোয়ারের সময় নদীতে কুয়াশার কারণে স্বল্প দূরত্বেও কিছু দেখা যায়নি। এ ঝুঁকির কারণে বড় জাহাজ চলাচল বন্ধ ছিল। এসব জাহাজের মধ্যে তিনটি কনটেইনারবাহী এবং একটি জ্বালানি তেলবাহী জাহাজ রয়েছে। বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম প্রথম আলোকে বলেন, শনিবার ভোরে কুয়াশা বেশি থাকায় বড় জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। তবে সন্ধ্যার সময় ছোট জাহাজগুলো জেটিতে আনা হয়।
বিমান চলাচলেও বিঘ্ন: কুয়াশার কারণে গতকাল শনিবার সকালে বিমান উড্ডয়নে বিলম্ব হয়। তবে সকাল সোয়া ১০টা থেকে বিমান চলাচল শুরু হয়। গতকাল সকালে চারটি উড়োজাহাজ নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর ই আলম বলেন, কুয়াশার কারণে প্রতিদিন প্রায় এক ঘণ্টা দেরিতে বিমান চলাচল শুরু হচ্ছে।