কুয়াশায় বিঘ্নিত যাত্রা

কুয়াশায় ঢাকা পড়ে আছে পুরো দেশ। কোথাও হালকা, কোথাও বা ঘন কুয়াশা। এর সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার কারণে মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে আকাশপথ, সড়কপথ ও নৌচলাচল। নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ার পর থেকে দেশে শীতের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। কুয়াশার কারণে সূর্যও প্রায় ঢাকা পড়ে আছে।
গতকাল মঙ্গলবার সকালে বিভিন্ন গন্তব্য থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ২০টি উড়োজাহাজ নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। আগের দিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত সাড়ে তিন ঘণ্টার বেশি সময় রাজবাড়ীর দৌলতদিয়া, মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ ছিল। মাঝনদীতে আটকা পড়ে যানবাহনবোঝাই চারটি ফেরি। ভোররাত চারটা থেকে গতকাল দুপুর পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটে দিনভর যাত্রী-দুর্ভোগ লেগে ছিল।
এই অবস্থা আরও কয়েক দিন থাকতে পারে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দীন আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, দেশের উত্তর থেকে মধ্যাঞ্চলে কুয়াশা পড়ছে। এ ছাড়া নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়ছে। এই অবস্থা আরও তিন-চার দিন থাকতে পারে।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ আল সাদিক প্রথম আলোকে বলেন, সকাল ৭টা ৪০ মিনিটে স্পাইস জেটের একটি উড়োজাহাজের অবতরণের সময় ছিল। কিন্তু কুয়াশার কারণে এটি তখন অবতরণ করতে পারেনি। এরপর থেকে আরও ১৯টি ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। সকাল ১০টা ২৭ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজ প্রথম অবতরণ করে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে নির্ধারিত সময়ে ফ্লাইটগুলো বিমানবন্দর ছেড়ে যায়।
তবে শাহজালাল বিমানবন্দরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত ১৪টি ফ্লাইট দেরিতে ছেড়েছে।গতকাল সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের আবহাওয়া আংশিক মেঘলা ও শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে দিনের বেলা তাপমাত্রা সামান্য কমতে পারে।
ঘন কুয়াশার কারণে সোমবার সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্তরাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝনদীতে যানবাহনবোঝাই চারটি ফেরি আটকা পড়ে। সেই সঙ্গে গাড়ি বোঝাই করে দৌলতদিয়া প্রান্তে পাঁচটি এবং পাটুরিয়া প্রান্তে সাতটি ফেরি নোঙর করে ছিল।
নদীর মাঝে শীত ও কুয়াশায় ফেরিতে থাকা যানবাহনের শিশু, নারী, বৃদ্ধসহ বিভিন্ন যাত্রী দুর্ভোগে পড়েন।
মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ও মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি নৌপথেও ফেরি চলাচল বাধাগ্রস্ত হয়। শিমুলিয়া ঘাট থেকে যানবাহনবোঝাই পাঁচটি ফেরি সোমবার রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত নদীতে আটকা পড়ে ছিল বলে জানা গেছে।
ঘন কুয়াশা আর যান বিকল হওয়াতে সোমবার দিবাগত রাত চারটা থেকে গতকাল দুপুর পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট ছিল।
{তথ্য দিয়েছেন গোয়ালন্দ (রাজবাড়ী), মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি}