কুয়াশায় যানবাহনের সর্বোচ্চ গতিসীমা হবে ৫০ কিমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়াশার মধ্যে যানবাহনের গতিসীমা ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটারে বেঁধে দিয়েছে সরকার। কুয়াশায় যানবাহন চলাচলে ‘ফগ লাইট’ জ্বালানোও বাধ্যতামূলক করা হয়েছে। ঘন কুয়াশা হলে প্রয়োজনে যান চলাচল বন্ধ রাখতে হবে।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৪তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকটি ছিল রুদ্ধদ্বার। বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব সিদ্ধান্তের কথা জানান।
যানবাহনে নারী যাত্রীদের নিরাপত্তা এবং যৌন হয়রানি বন্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানের নেতৃত্বে ১৫ সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত হয় বৈঠকে। সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গত কয়েক দিনে বঙ্গবন্ধু সেতুতে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে কুয়াশা এবং বেপরোয়া যান চালানোর কারণে। তবে ওই স্থান দুর্ঘটনার জায়গাও নয়। এ জন্য গতিসীমা ৪০ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। শীতকালের সময় যানবাহনে গতি পর্যবেক্ষণে মনিটরিং ব্যবস্থা থাকবে।
মন্ত্রী আরও বলেন, এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনের কাজের ১৮৫ কিলোমিটার সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী মে
মাসে শেষ হবে। দুর্ঘটনাপ্রবণ সড়কের ৬৮টি বাঁক সোজা করার কাজ শেষ হয়েছে এবং বাকি ৬৫টির কাজ চলছে।
বৈঠক সূত্র জানায়, সড়ক নিরাপত্তা কাউন্সিলের সদস্য ও লেখক সৈয়দ আবুল মকসুদ যানবাহনে নারীদের নিরাপত্তাহীনতার বিষয়টি তোলেন। তিনি বলেন, শুধু দুর্ঘটনায় নিহতদের কথা বলা হচ্ছে। কিন্তু যানবাহনে নারীরা ধর্ষিত হচ্ছেন, হেনস্তা হচ্ছেন। এটাও দেখতে হবে। বিশেষ করে কর্মজীবী নারীরা যানবাহনে অনিরাপদ। এ বক্তব্যের সঙ্গে অন্য সদস্যরাও একমত হন। এরপর যানবাহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কমিটি করার সিদ্ধান্ত হয়।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা এবং সড়ক পরিবহন খাতের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।