কুয়াশায় শুঁটকি তৈরি ব্যাহত বিপাকে জেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যাপ্ত রোদের অভাবে মাছ শুকিয়ে শুঁটকি তৈরি করতে না পারায় এ বছরের শীত মৌসুমে বিপাকে পড়েছেন বরগুনার তালতলী উপজেলার শুঁটকি প্রস্তুতকারী জেলেরা। ঘন কুয়াশা এবং সূর্যের আলো কম পাওয়ায় শুঁটকির জন্য সংগ্রহ করা মাছের একটি বড় অংশ পোকার আক্রমণে নষ্ট হয়ে যাচ্ছে। 

তালতলীর ফকিরহাট ও আশারচরের শুঁটকি প্রস্তুতকারী জেলেরা জানান, শুকাতে না পেরে শুঁটকির জন্য ধরা মাছ তাঁরা কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। 

শুঁটকির স্থানীয় আড়তদার টুটু সিকদার জানান, বঙ্গোপসাগর থেকে শংকর, লটিয়া, ফাহা, জাবা ও হাঙর মাছ ধরে প্রাকৃতিক পদ্ধতিতে সূর্যের তাপ ব্যবহার করে দুই থেকে তিন দিনে জেলেরা শুঁটকি তৈরি করেন এবং আড়তদারদের মাধ্যমে দেশের বিভিন্ন মোকামে বিক্রি করেন। কিন্তু চলতি শীত মৌসুমে দিনের পর দিন কুয়াশার কারণে পর্যাপ্ত রোদ না পাওয়ায় ছয় থেকে সাত দিনেও শুঁটকি তৈরি করা যাচ্ছে না। ফলে মাছে পোকা ধরে যাচ্ছে। অপেক্ষাকৃত কম মানসম্পন্ন এই শুঁটকি নির্ধারিত দামের চেয়ে অর্ধেক দামে বিক্রি করতে হচ্ছে।

ফকিরহাটের জেলে আবদুর রহমান জানান, বর্তমানে বাজারে এক কেজি লইট্যা শুঁটকি  ৫০ থেকে ৬০ টাকা, ফাহা ৩০ থেকে ৪০ টাকা ও হাঙরের শুঁটকি ৯০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আশারচরের শুঁটকি ব্যবসায়ী আবদুল খালেক বলেন, এ বছর যে মাছ ধরা পড়েছে, তাতে শুঁটকি ব্যবসায় ভালো লাভ হতো। কিন্তু ঘন কুয়াশার কারণে মাছ শুকাতে না পারায় তা পচে যাচ্ছে এবং পোকায় আক্রমণ করছে। তিনি আরও বলেন, অনেকেই ধারদেনা করে শুঁটকি ব্যবসায় নেমেছেন। কিন্তু আবহাওয়া বিরূপ হওয়ায় তাঁদের পথে বসতে হবে।

তালতলীর নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও তালতলী মৎস্যজীবী সমিতির সভাপতি দুলাল ফরাজী বলেন, এখানকার শুঁটকি
চট্টগ্রাম, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। কিন্তু বর্তমানে এখান থেকে শুঁটকি সরবরাহ বন্ধ রয়েছে।

আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার বলেন, ‘রোদের অভাবে শুঁটকি তৈরি ব্যাহত হচ্ছে। অনেক সময় মাছ পচেও যাচ্ছে। এ কারণে কোনো অসাধু ব্যবসায়ী বা প্রস্তুতকারী যাতে মাছ বা শুঁটকিতে ফরমালিন-জাতীয় রাসায়নিক না মেশান, সে ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়েছি।’