ঘন কুয়াশার কারণে গত সোমবার দিবাগত রাত দেড়টা থেকে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকে। এতে উভয় ঘাটে সাত শতাধিক গাড়ি আটকা পড়ে। ভোগান্তির শিকার হন যাত্রী ও চালকেরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় থেকে জানা গেছে, সোমবার ভোর থেকেই পদ্মা-যমুনার অববাহিকায় কুয়াশা পড়তে থাকায় ফেরি চলাচলে বিঘ্ন ঘটে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রা বাড়তে থাকে। একপর্যায়ে কর্তৃপক্ষ রাত দেড়টার দিকে ফেরি চলাচল বন্ধ করতে বাধ্য হয়। এ সময় দৌলতদিয়া ঘাটে ছয়টি এবং পাটুরিয়া ঘাটে চারটি ফেরি যানবাহন বোঝাই করে অপেক্ষা করতে থাকে। সকাল সোয়া আটটার পর কুয়াশা কমতে থাকলে ফেরি চলাচল শুরু করে। প্রায় সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে আটকা পড়ে কয়েক শ যানবাহন।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, দুই ঘাটে গতকাল বিকেল পর্যন্ত কয়েক শ গাড়ি পারাপারের অপেক্ষায় সারিবদ্ধভাবে রয়েছে। দিন শেষে মাঝরাত পর্যন্ত নতুন করে ঘন কুয়াশা না পড়লে আটকে থাকা গাড়ি পার করা সম্ভব হবে।